শিশুদের সবচেয়ে প্রিয় টিভি অনুষ্ঠান 'সিসিমপুর'। দুই যুগ ধরে বিটিভিসহ দেশের বেশক'টি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হচ্ছে এটি। যদিও সেটি সপ্তাহের নির্দিষ্ট কয়েকদিন।কিন্তু শিশু দর্শকের জন্য আনন্দের খবর হলো, সিসিমপুর এবার বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে সপ্তাহের সাত দিনই! যেমনটা আগে আর হয়নি।
আসছে ১ অক্টোবর থেকে প্রতিদিন সিসিমপুর দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। শুক্র ও শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এবং রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে শিশুদের জনপ্রিয় এই অনুষ্ঠান। আর প্রতিদিনই থাকবে নতুন নতুন পর্ব; যা আগে শুধু চার দিন একটি পর্ব দেখানো হতো বলে জানান অনুষ্ঠান-সংশ্নিষ্টরা।
বিটিভি’র মাধ্যমে যেন দেশের সকল শিশু সিসিমপুর দেখার সুযোগ পায়। সে লক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে।সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা, মনস্তাত্তিক ও বিকাশে ভূমিকা পালন করে। সিসিমপুরের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে।
শুরু থেকে সিসিমপুরের পাশে রয়েছে বাংলাদেশ টেলিভিশন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপের যৌথ এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী ১লা অক্টোবর বৃহস্পতিবার থেকে।
প্রত্যন্ত অঞ্চলের শিশুসহ দেশের সব শিশু যাতে প্রতিদিন সিসিমপুর দেখার সুযোগ পায় সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।






















