বিনোদন ১০ অক্টোবর, ২০২০ ০৮:৩৮

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তরিত করা হয়েছে।

গত মঙ্গলবার(৬ অক্টোবর) সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে দ্রত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল শুক্রবার সকালেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে বিকেল থেকে অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয় আইটিইউতে।

গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁর অবস্থা ভালো ছিল বলেই জানিয়েছিলেন ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিক্যাল বোর্ড।

বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ ট্যান্ডন বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে। তিনি এখন আছেন হাসপাতালের আইটিইউয়ের একটি কেবিনে। এখানে চারদিন থাকতে হতে পারে।

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তার অনুগামীরা।