বিনোদন ডেস্ক
বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। এরমধ্যে যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’ সিনেমা দিয়ে বেশ সাড়া ফেলেন তিনি। সিনেমাটি ২০১৫ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গে ও ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পায়।
এবার এই ‘ব্ল্যাক’ সিনেমাটি দেখা যাচ্ছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে। আজ শনিবার মিম বলেন, আজ বেশ কয়েকজন ফোন করে আমাকে অভিনন্দন জানালেন ‘ব্ল্যাক’ ছবিটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বলে। শুনে খুব ভালো লাগলো। যদিও এটা পাঁচ বছর আগের ছবি। কিন্তু তুমুল জনপ্রিয় একটি আন্তর্জাতিক প্লাটফর্মে ছবিটি নতুন করে মুক্তি পেয়েছে জেনে খুব আনন্দ পেলাম। এটা সত্যি দারুণ একটি খবর। পরে আমিও দেখলাম যে ‘ব্ল্যাক’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
তিনি আরও বলেন, ছবিটি আগে দুই বাংলার দর্শক দেখার সুযোগ পেয়েছেন। এবার নেটফ্লিক্সের হাত ধরে সারাবিশ্বের দর্শক দেখতে পারবেন। বিদেশি দর্শকও কমার্শিয়াল বাংলা সিনেমার সম্পর্কে জানতে পারবেন।
উল্লেখ্য, ‘ব্ল্যাক’ ছবিটির পরিচালক কলকাতার রাজা চন্দ। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন সোহম। এছাড়াও অভিনয়ে ছিলেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।
এর আগে বাংলাদেশের ‘কমলা রকেট’, ‘ইতি তোমারই ঢাকা’ ছবি দুটো নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল।






















