বিনোদন ডেস্ক
আলোচনা-সমালচনায় ভাইরাল গান ‘গেন্দা ফুল’। চলতি বছরের ২৬ মার্চ ইউটিউব চ্যানেল সনি মিউজিক ইন্ডিয়াতে গানটি প্রকাশ হওয়ার পর থেকেই ওঠে সমালোচনার ঝড়। সমালোচনার মুখে পড়েন ভারতীয় র্যাপ-সঙ্গীত সুরকার বাদশা ও সংশ্লিষ্টরা। কেননা গানটির ক্রেডিট লাইনে ছিল না মূল শিল্পী রতন কাহারের নাম।
এবার রতন কাহারসহ গানটি পুনরায় নির্মাণ করা হয়েছে। গতকাল ১০ অক্টোবর সনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই গানটি বেশ আলোড়ন তুলেছে। ইতোমধ্যেই গানটির ভিউ ছাড়িয়েছে দেড় মিলিয়ন। গানটির পরিচালক হিসেবে ছিলেন অরিন্দম শীল। আর এতে অংশ নিয়েছেন রতন কাহার, খ্যাতনামা তবলা বাদক বিক্রম ঘোষ, গায়িকা ইমন ও অভিনেত্রী ইমন চক্রবর্তী। পাশাপাশি পুরনো গান থেকে বাদশা ও জ্যাকুলিন ফার্নান্দেজের কণ্ঠ ও ছবি এতে যুক্ত করা হয়েছে।
বিক্রম ঘোষ বলেন, বাদশার ‘গেন্দা ফুল’-এ অন্তরা ছিল না। নতুনটাতে সেটি যুক্ত হয়েছে। এর অন্তরা লিখেছেন সুগত গুহ।
জানা যায়, ১৯৭২ সালে রতন কাহারের লেখা ও ঝুমুর তালে সুর করা এই গানটি প্রথম প্রচার হয় আকাশবাণীতে। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি জনপ্রিয়তা পায়।






















