বিনোদন ১৬ অক্টোবর, ২০২০ ০৮:৩৮

গান শুনে সময় কাটাচ্ছেন অভিনেতা সৌমিত্র

বিনোদন ডেস্ক

গত কয়েকদিনের উদ্বেগ-উৎকন্ঠা কাটিয়ে এখন অনেকটাই সুস্থতার পথে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। এখন ধীরে ধীরে কথাও বলছেন তিনি।
   
কলকাতার বেলভিউ নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে ভালো ঘুমিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এখন কথাও বলছেন। তার মিউজিক থেরাপি দেয়া হচ্ছে। তিনি রবীন্দ্র সঙ্গীত শুনছেন। নিজের ছবির গানও শুনছেন।

১৯ জন চিকিৎসকের একটি দল তার স্বাস্থ্যের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ চলছে। ধীরে ধীরে ওষুধ প্রয়োগ করে তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

এর আগে গত কয়েক দিন ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। তাকে ভেন্টিলেশনে রাখার কথাও ভাবছিলেন চিকিৎসকরা।