বিনোদন ২১ অক্টোবর, ২০২০ ০৮:০০

এফডিসিতে পূজা সামগ্রী বিতরণ করলেন মিশা-জায়েদ

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গত কয়েকটি ঈদে শিল্পীদের দেওয়া হয়েছিল উপহারসামগ্রী। অসচ্ছলদের জন্য ছিল আর্থিক সহায়তা। এবং করোনাকালীন সময়েও অসহায় এবং দুস্থ কলাকুশলীদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

এবার আসন্ন শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় উপহার দিলো শিল্পী সমিতি। পাশাপাশি ছিল নগদ অর্থ। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সমিতির কার্যালয়ে ৩১ জন শিল্পীর হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অঞ্জনা, অরুণা বিশ্বাস, মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, আলেকজান্ডার বোসহ অনেকে। জায়েদ খান জানান, ‘চারদিকে এখন সবাই অসহিষ্ণু হয়ে উঠছে। এসময়ে আমাদের সাম্প্রদায়িকতা ভুলে এক থাকতে হবে।

আবার করোনায় মানুষ তাদের প্রিয় উৎসবটিকেও আনন্দের সাথে পালন করবে সে পরিবেশ নেই, সে ক্ষমতা নেই। হয়তো একসময় সব ঠিক হয়ে যাবে। এই মাঝের সময়টাতেই সবার সহযোগিতা দরকার। তাই আমরা চেষ্টা করছি, শিল্পীদের খোঁজ খবর নেওয়ার। তাই এই আয়োজন।

জানা যায়, এবারের উপহারসামগ্রীর মধ্যে আছে শাড়ি, ধুতি, খাদ্যদ্রব্য ও পুজার খাবার বানানোর নানা উপকরণ।