বিনোদন ডেস্ক
বলিউডের আলোচিত অভিনেত্রী তাপসী পান্নু। বিভিন্ন সিনেমায় সাহসী ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার আর সিনেমা নয়, বাস্তবেই দুর্দান্ত সাহসের নজির দেখালেন তাপসী। ভিড়ের মধ্যে অসভ্য আচরণ করায় আঙুল মটকে দিলেন তাপসী পান্নু!
সম্প্রতি কারিনা কাপুর খানের রেডিও টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এমনই তথ্য জানান তাপসী। তাপসী জানান, গুরুপরবের সময় গুরুদ্বারে যেতাম। পাশের একটি খাবার দোকান ছিল যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেওয়া হতো। জায়গাটিতে এতটাই ভিড় থাকত যে সব সময় ধাক্কাধাক্কি হতো। এর আগেও সেখানে আমার অদ্ভুত কয়েকটি অভিজ্ঞতা হয়েছিল। আমি জানতাম এ রকম ভিড়ে গেলে আবারও খারাপ কিছু একটা হতে পারে। সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম।
আচমকা এক ব্যক্তি আমাকে পেছন দিক থেকে খারাপ ভাবে স্পর্শ করার চেষ্টা করে। তৎক্ষণাৎ আমি ওই ব্যক্তির আঙুল ধরে তা মচকে দিই এবং খুব দ্রুত সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসি।






















