স্পোর্টস ডেস্ক
খেলোয়াড়দের করোনায় আক্রান্ত হওয়া ও চোটের সমস্যায় চিন্তায় ব্রাজিল কোচ তিতে। এ মাঝেই উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল কোন ১১ জনের নিয়ে নামবে, তার একটা ধারণা দিয়েছেন কোচ নিজেই।
ভেনেজুয়েলা, পেরু ও বলিভিয়ার থেকে উরুগুয়ে অনেক বেশি শক্তিশালী বলে ব্রাজিল কোচ জানান, ‘এই ম্যাচ অন্যান্য ম্যাচের চেয়ে আলাদা। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাটিতে খেলা এক জিনিস, আর উরুগুয়ের বিপক্ষে তাদের মাটিতে খেলা আরেক জিনিস।’
তিনি জানান, ভেনেজুয়েলার চেয়ে উরুগুয়ে যথেষ্ট আক্রমণাত্মক দল। ভেনেজুয়েলার মতো উরুগুয়ে শুধু ব্রাজিলের আক্রমণ আটকানোর জন্য নিজেদের অর্ধে বসে থাকবে না; বরং নিজেরাও আক্রমণে উঠে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করবে, সেটা বোঝেন তিতে, ‘আক্রমণভাগে আমরা গত ম্যাচের চেয়েও বেশি জায়গা পাব আশা রাখি।’
তবে ভেনেজুয়েলার বিপক্ষে খেলা দলের সাথে উরুগুয়ের বিপক্ষে নামা দলের তেমন ব্যতিক্রম না হবার ইঙ্গিত দিয়েছেন তিতে। তিনি জানান, গত ম্যাচের মতো এই ম্যাচেও গোলবারের নিচে থাকবেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। রক্ষণভাগে চেলসির থিয়াগো সিলভার সঙ্গে জুটি বাঁধবেন তাঁর সাবেক পিএসজি সতীর্থ মার্কিনিওস। জুভেন্টাসের দানিলো ও আতলেতিকো মাদ্রিদের রেনান লোদি থাকবেন রক্ষণভাগের দুই পাশে। ৪-৩-৩ ছকে মাঝমাঠে এভারটনের মিডফিল্ডার আলানের সঙ্গে থাকবেন অ্যাস্টন ভিলার দগলাস লুইজ ও ফ্লামেঙ্গোর এভারতন রিবেইরো। তবে মিডফিল্ড নিয়ে কিছু বলে নাই কোচ। এদিকে আক্রমণভাগে গত ম্যাচের মতোই থাকবেন লিভারপুলের রবার্তো ফিরমিনো, এভারটনের রিচার্লিসন ও ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মুখোমুখি হবে এই দুই দল।






















