স্পোর্টস ডেস্ক
অবশেষে চূড়ান্ত হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর । দীর্ঘ ১৬ বছর পর ২০২১ সালের অক্টোবরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংলিশরা।
আজ বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তারা। আগামী বছরের ১৪ ও ১৫ অক্টোবর করাচিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে।
এই সফর শেষেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ইংল্যান্ড। আর ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন মনে করেন এই সিরিজটিই বিশ্বকাপের উপযুক্ত প্রস্তুতির মঞ্চ।
সর্বশেষ ২০০৫ সালের পর নিরাপত্তা শঙ্কায় আর পাকিস্তান সফর করেনি ইংল্যান্ড। তবে কিছুদিন আগে করোনা ভাইরাসের সংকটময় সময়েও ইংলিশদের মাঠে খেলে ফিরেছে পাকিস্তান। এরপরই দলটিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। দুই বোর্ডের আলোচনায় চূড়ান্ত হয়েছে দুটি ম্যাচ।






















