স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা হাল এখন করুন। গত সপ্তাহে লা লিগায় কাদিসের কাছে ১-২ গোলে হার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে ০-৩ গোলে হেরে কোণঠাসা বার্সা। এমন অবস্থায় আজ লা লিগায় মুখোমুখি হচ্ছে লেভান্তের সাথে।
বর্তমানে পয়েন্ট টেবলে ১৮ নম্বরে আছে লেভান্তে। ৯ নম্বরে থাকা বার্সেলোনাও নেই স্বস্তিতে। কারণ হিসেবে অনেকে মনে করছেন যে, নতুন ম্যানেজার রোনাল্ড কোমানের ফুটবল-দর্শনের সঙ্গে এখনও নিজেদের মানিয়ে নিতে পারেননি ফুটবলাররা।
গতকাল শনিবার সাংবাদিক সম্মেলনে কোমান জানিয়েছেন, টানা দুই হারের পরেও তাঁর কাজ করতে কোনও সমস্যাই হচ্ছে না। তিনি বলেছেন, আমি বরাবর ফুটবলারদের ভাবনাকে সম্মান দেওয়ার চেষ্টা করে এসেছি। তবে এটা এমন একটা ক্লাব যেখানে কোনও সমস্যা হলে তা স্পষ্ট করে জানাতে হবে। ফুটবলারদের বলি, যদি আমাকে নিয়ে সমস্যা হয়ে থাকে, তবে সেটা আমাকেই বলতে হবে। তার পরেও ফুটবলারদের অসন্তোষ সংক্রান্ত যে খবর ফাঁস হয়ে বাইরে প্রকাশিত হয়, তা সম্পূর্ণ মিথ্যা। ফুটবলারদের উপরে আস্থা না থাকলে আমি কাজই করতে পারতাম না।






















