স্পোর্টস ডেস্ক
রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে জেমকন খুলনা। ফাইনালে খুলনার প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে আজ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। সেই ম্যাচের বিজয়ী দলের সঙ্গেই ফাইনালে লড়তে হবে খুলনাকে। এদিকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে দলে পাচ্ছে না জেমকন খুলনা।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিবের শ্বশুর গুরুতর অসুস্থ থাকায় আজ (মঙ্গলবার) রাতেই সাকিবকে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে সাকিব দেশে ফিরলেও স্ত্রী উম্মে আহমেদ শিশির তার দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রেই রয়ে গেছেন।
এক ভিডিওবার্তায় জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, 'আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল (সোমবার) রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।'
নাফিস আরও যোগ করেন, 'সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে। তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে কোনো সমস্যা ছিল। সাকিব কালকে রাত্রে হোটেল ছেড়েছে। আজকে ওর ফ্লাইট। আমাদের সবার দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।'






















