স্পোর্টস ডেস্ক
ক্রীড়াঙ্গনে গত কয়েকদিনের আলোচিত খবর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী হৃদরোগে আক্রান্ত। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন সৌরভের ভক্তরা। অবশেষে এসেছে স্বস্তিদায়ক খবর। সব কিছু ঠিক থাকলে তিনি হাসপাতাল ছাড়তে পারেন বুধবারই। এমন তথ্য জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে বুকে ব্যথা নিয়ে গত ২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। ব্লক ধরা পড়ায় তার ডান ধমনীতে স্টেন্ট বসানো হয়।
মঙ্গলবার সৌরভের সঙ্গে দেখা করেছেন উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। কথা বলেছেন সৌরভের মেডিক্যাল টিমের সঙ্গেও। জানা গেছে, কাল ছাড়া পেলেও দু’সপ্তাহ পর মেডিক্যাল টিমের সদস্যরা আবার আলোচনায় বসবেন তাকে নিয়ে। তখনই ঠিক করা হবে সৌরভের বাকি দুটি ব্লক সারাতে স্টেন্ট বসানো হবে কিনা। তার পর সিদ্ধান্ত হবে অ্যাঞ্জিওপ্লাস্টির।
হাসপাতালের প্রধান নির্বাহী ডা. রুপালি বসু জানিয়েছেন, ‘সৌরভ গাঙ্গুলী ভালো আছেন। ঠিক মতো ঘুমুচ্ছেন। ডা. দেবী শেঠির সঙ্গেও কথা বলেছেন। এর পর দেবী শেঠি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।’
ডা. বসু আরও বলেছেন, গাঙ্গুলীর আর কোনও দৈহিক জটিলতা নেই। তবে তার পারিবারিকভাবে হৃদরোগ সমস্যার ইতিহাস আছে।
সৌরভের সঙ্গে দেখা করার পর আশাপ্রদ কথাই শুনিয়েছেন খ্যাতনামা চিকিৎসক দেবী শেঠি, ‘সৌরভের বড় ধরনের কোনও সমস্যা নেই। তবে এটা এমন একটা জটিলতা, যা সব ভারতীয়ই কোনও না কোনও সময় ভুগে থাকে। আর সেটা হলো হৃদযন্ত্রে ব্লক ধরা পড়া। ওর হৃদপিন্ড এখনও শক্তিশালী। ঠিক যেমনটা ওর (সৌরভ) ২০ বছর বয়সে ছিল। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, ওর বড় ধরনের কোনও হৃদযন্ত্র ঘটিত সমস্যা হয়নি।’





















