স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে গতকাল শুক্রবার জহুর আহমেদ স্টেডিয়ামে শেষ সেশনের সুবাদে ১৭১ রানে এগিয়ে ছিল টাইগাররা। অবশ্য সেই সুবিধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয় ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে হারাতে হয় তামিম ও নাজমুলকে। ৩৩ রানে ফিরে যান সাদমান। ৩ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দিন শুরু করেছে হাতে ৭ উইকেট ও স্কোরবোর্ডে ৪৭ রান নিয়ে।
ব্যক্তিগত ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক বেশিদূর যেতে পারেননি। মাত্র ৮ রান না যোগ হতেই রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলের রান তখন ৭৩। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ১৮ রান।
এদিকে, অপরপ্রান্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৩তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। তিনি ৩১ রান নিয়ে দিন শুরু করেছিলেন। ফিফটি করতে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৮৪ বল। চার মেরেছেন পাঁচটি।
মুশফিকের বিদায়ের পর ব্যাট করতে নামেন লিটন দাস। যদিও এ পজিশনে ব্যাটিং করতে আসার কথা ছিল সাকিব আল হাসানের। চোট থাকায় বিশ্রামে আছেন সাকিব। লিটন ব্যাট করতে এসে দারুণ সঙ্গ দিচ্ছেন ক্রিজে থিতু হওয়া মুমিনুলকে। এই দুইজনের ৫ম উইকেটের জুটিতে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই জুটি থেকে এসেছে ৭৯ বলে ৫১ রান। বাংলাদেশের লিড ২৯৫। মুমিনুল ৬৯ ও লিটন ৩৯ রানে অপরাজিত আছেন।





















