স্পোর্টস ডেস্ক ।।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর শুরুর আগেই নানা আলোচনা- সমালোচনার জন্ম দিয়েই যাচ্ছিলো। অবশেষে চূড়ান্ত সিন্ধান্তে পৌঁছতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এ বছর বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে। কোনো ফ্রাঞ্চাইজি থাকবে না। এছাড়াও সব দলের স্বত্ব থাকবে বিসিবির অধীনে।
বুধবার (১১ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেন, কয়েকটা ফ্রাঞ্চাইজির বিভিন্ন দাবি দাওয়া আছে, তাদের সেই দাবি মানতে পারছি না। যে কারণে এবার বিপিএল বিসিবি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় নামকরণের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, আপনারা জানেন এ বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল তার নামে উৎসর্গ করা হবে।
এ ছাড়াও ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, আগের আসরের মতো সব দলই থাকবে। সব দলের খেলোয়াড়দের হোটেলে থাকা-খাওয়া-যাতায়াতসহ সব খরচ বিসিবি বহন করবে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না।
উল্লেখ্য, নির্ধারিত সময়য়েই মাঠে গড়াবে বিপিএল। ৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন হবে। মাঠের খেলা শুরু হবে ৬ ডিসেম্বর।






















