নিজস্ব প্রতিবেদক:
আইসিসির নারী বিভাগের সেরা ক্রিকেটারের তালিকায় এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেরা তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন ভারতীয় দুই ব্যাটার হারমানপ্রীত কর ও স্মৃতি মান্দানার।
২০২১ সালের নভেম্বরে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার। এই তালিকায় এবার আরেক বাংলাদেশি নারী ক্রিকেটার। গত সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলার পুরস্কার পেয়েছিলেন জ্যোতি।
আইসিসি জানিয়েছে, ‘নিগারের নেতৃত্বে বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। অধিনায়কত্বের সঙ্গে ব্যাট হাতেও নিগার টেনেছেন দলকে। হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নকআউট পর্বে ব্যাট হাতে জ্বলে না ওঠলেও তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পাঁচ ম্যাচে ১৮০ রান করেছেন; ৪৫ গড় এবং ১০৫.২৬ স্ট্রাইক-রেটে।’
একইসঙ্গে ২০২২ সালের গেল সেপ্টেম্বর মাসের পুরুষ ক্রিকেটারদের মনোনীতদেরও তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে পুরুষ বিভাগের মনোনয়ন পেয়েছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল।
আমাদের কাগজ//জেডআই





















