খেলাধুলা ১৬ অক্টোবর, ২০২২ ০৫:৩৮

ক্রিকেটার আল আমিন জানালেন তার অনাস্থার কথা

স্পোর্টস প্রতিবেদক: স্ত্রী ইশরাত জাহানের দায়ের করা মামলায় একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবি করেছন। জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। 

বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে। মামলাটি ওই আদালত থেকে বদলির আবেদন করেছেন আল আমিন। তবে আল আমিনের ধারণা ওই আদালতে এ মামলার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন তিনি।

রবিবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে আল আমিনের আইনজীবী আব্দুর রহমান (সুমন) এ আবেদন করেন। আদালত আগামী ২ নভেম্বর এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।

আবেদনে বলা হয়, খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো বিভাগের মধ্যে চার দিনের খেলা গত ১০ অক্টোবর শুরু হয়। খুলনা বিভাগের হয়ে পেস বোলার হিসেবে আল আমিন রয়েছেন। এ কারণে গত ধার্য তারিখ ১২ অক্টোবর তিনি আদালতে হাজির হতে পারেননি। এজন্য সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে বাদীপক্ষকে আপত্তি শুনানি করার আদেশ দেন। আল আমিনের ধারণা, সংশ্লিষ্ট আদালতে ন্যায়বিচার হতে বঞ্চিত হবেন তিনি। এ জন্য মামলাটি সংশ্লিষ্ট আদালত থেকে বদলি করে যে কোনো চলমান বিচারিক আদালতে পাঠানোর প্রার্থণা করেন আইনজীবী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল আমিনের বিয়ে হয়। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে আল আমিন তার স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ প্রদান করেন না। তাই ইসরাত তার দুই সন্তানসহ বসতবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারসহ মাসিক ভরণপোষণে এক লাখ টাকা দাবি করে মামলাটি দায়ের করেন।

আমাদের কাগজ//জেডআই