খেলাধুলা ৬ নভেম্বর, ২০২২ ০১:০০

ক্যারিয়ারের শেষ ম্যাচ যা বললেন পিকে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক:অনেকটা আচমকাই ফুটবল থেকে বিদায়ের ঘোষণাটা দিয়েছিলেন জেরার্ড পিকে। জানিয়েছিলেন, শনিবার রাতেই ন্যু ক্যাম্পে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন তিনি। আলমেরিয়ার বিপক্ষে তার বিদায়ী ম্যাচে বার্সেলোনা পেয়েছে ২-০ গোলের জয়। তাতে বার্সা টপকে গেছে রিয়াল মাদ্রিদকে, চলে এসেছে লা লিগার শীর্ষে, সঙ্গে পিকেকেও বিদায়টা ভালোভাবেই জানিয়ে দিয়েছে কাতালান দলটি। 

ন্যু ক্যাম্পে পিকের বিদায়ী ম্যাচে ৯২ হাজার ৬০৫ জন দর্শক এসে হাজির হয়েছিলেন বার্সেলোনার ঘরের মাঠে। অধিনায়ক সার্জিও বুসকেটস অধিনায়কের বাহুবন্ধনীটা তুলে দেন পিকের হাতে। শেষ ১৪ বছর ধরে যে ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন, ঘরের মাঠে বিদায়ী ম্যাচের দিনে তিনি সেই ক্লাবের নেতৃত্বের দায়িত্বটা পান।

এমন ম্যাচে অবশ্য শুরুর অর্ধে বার্সেলোনা গোল পায়নি ফরোয়ার্ডদের ব্যর্থতায়। ৭ মিনিটে পেনাল্টি মিস করেন রবার্ট লেভান্ডভস্কি। ৩১ মিনিটে ফেররান তরেস গোলরক্ষককে ফাঁকি দিয়েও গোল পাননি, গোললাইন থেকে বলটা ক্লিয়ার করেন আলমেরিয়া ডিফেন্ডার। এর আগে পরে সফরকারী গোলরক্ষক ফের্নান্দো মার্টিনেজ নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ হারিয়েছেন। ফলে গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ করে বার্সা।

ম্যাচের ৪৮ মিনিটে অবশেষে গোলের দেখা পায় বার্সেলোনা। উসমান দেম্বেলের দারুণ এক গোলে দলটি এগিয়ে যায় ম্যাচে। ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। বদলি খেলোয়াড় আনসু ফাতির শট ঠেকালেও ডি ইয়ংয়ের ফিরতি চেষ্টাটা ঠেকাতে পারেননি তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে যায় দলটি। 

এরপর আরও গোলের সুযোগ পেলেও গোল আর পায়নি লা ব্লাউগ্রানারা। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তের দেখা মেলে ৮৩ মিনিটে। কোচ জাভি যখন জেরার্ড পিকেকে তুলে নেন মাঠ থেকে। কান্না চোখে নিয়ে সতীর্থদের জড়িয়ে ধরে বিদায় জানান তিনি, মাঠ ছাড়ার সময় দর্শকদের দাঁড়ানো অভিবাদনও পান তিনি।

ম্যাচ শেষে বিদায় জানাতে গিয়ে সতীর্থদের জড়িয়ে ধরে কেঁদেছেন। সাবেক সতীর্থ ও বর্তমান কোচ জাভির আলিঙ্গনে ফেলেছেন অশ্রু। ঘরের মাঠে বিদায় সম্ভাষণে পিকে বলেন, ‘আমি জন্মেছি এখানে এবং এখানেই মরব। যখন আপনি বুড়ো হবেন, বুঝতে পারবেন, কখনও কখনও ভালোবাসাকে ছেড়ে দিতে হয়। আমি নিশ্চিত যে, ভবিষ্যতে এখানে আমি আবার আসব। আমি বার্সাকে ভালোবাসি। যার কারণে বিবেচনা করলাম, চলে যাওয়ার এটিই সঠিক সময়। এটা বিদায় নয়।’ 

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০০৮ সালে ক্যাম্প ন্যুয়ে ফেরেন পিকে। বার্সার হয়ে ৬১৬ ম্যাচ খেলে ৩০টি শিরোপা জিতেছেন তিনি। কাতালান জায়ান্টদের হয়ে তাঁর চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল লিওনেল মেসি (৩৫) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩২)।

 

আমাদের কাগজ//টিএ