খেলাধুলা ১৯ নভেম্বর, ২০২২ ০৯:৫৪

সহজ জয় কিংস মেয়েদের

স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য বিস্তর। চ্যাম্পিয়ন দলটি মাঠে নামলেই গোলবন্যায় ভাসায় প্রতিপক্ষকে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও সেভাবে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে সাবিনা-কৃষ্ণারা। শনিবার ১৯ নভেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস ৭-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদকে।

জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না ও সুমাইয়া। অন্য তিন গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্না চাকমা ও কৃষ্ণা রানী সরকার।

সপ্তম মিনিটে গোলের সূচনা করেন ঋতুপর্না চাকমা। দ্বিতীয় গোল পেতে দলটির অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। শামসুন্নাহার জুনিয়র গোল করে ব্যবধান বাড়ান। এর পর ৭৪ মিনিটে কৃষ্ণা ও ৮০ মিনিটে স্বপ্না গোল করেন।

বসুন্ধরা কিংস শেষ তিন গোল করেছেন ইনজুরি সময়ে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করেছেন স্বপ্না। তৃতীয় ও পঞ্চম মিনিটে গোল করেছেন সুমাইয়া।

আমাদেরকাগজ/ এএইচ