খেলাধুলা ৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৮

কাতার বিশ্বকাপ

উড়তে থাকা ব্রাজিলকে মাটিতে নামালো ক্যামেরুন

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: শুক্রবার (২ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে 'জি' গ্রুপের ম্যাচে লাতিন আমেরিকা অঞ্চলের পরাশক্তি ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আফ্রিকার দেশ ক্যামেরুণ। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ব্রাজিলকে হারিয়েছে ক্যামেরুন। এই হারের পরও গ্রুপ গোল পার্থক্যে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে গেছে ব্রাজিল। আর জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যামেরুন।

প্রথম দুই ম্যাচ দিয়েই শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল, তাড়া ছিল না ব্রাজিলের। তাই প্রথম একাদশের অনেককে ছাড়াই ক্যামেরুনের বিপক্ষে খেলতে নামে রেকর্ড পাঁচবারের চ্যাস্পিয়নরা। আগের একাদশের মাত্র দুজনকে নিয়ে খেলতে নামে তিতের দল। ম্যাচে দাপটও দেখায় তারা। কিন্তু শেষ মুহূর্তের গোলে সেলেসাওদের স্তব্ধ করে ঐতিহাসিক এক জয় তুলে নেয় ক্যামেরুন।

২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে। পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।

৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।

৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।

ব্রাজিলের এমন মিসের পর মিস দেখে মনে হচ্ছিল গোলশূন্য সমতাতেই শেষ হবে ম্যাচ। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ক্যামেরুন শেষবারের মতো আক্রমণ করে, আর তাতেই বাজিমাত! 

এমবেকেলির ক্রস থেকে দুর্দান্ত হেডে এডারসনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান আবু বকর। আর তাতেই তৈরি হয় ইতিহাস। ম্যাচের শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয় প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে ক্যামেরুনের ব্রাজিলকে হারানো। 

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। যার ফলে শেষ ১৬ তে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
 

 

আমাদের কাগজ//টিএ