খেলাধুলা ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:২২

মেসি-আলভারেজ নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নিজের প্রফেশনাল ক্যারিয়ারের হাজারতম ম্যাচ ছিল এটি। এমন দিনে পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে প্রথমবারের মতো নকআউট পর্বে গোলের দেখা পান আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসি। এছাড়া সতীর্থ জুলিয়ান আলভারেজও করেছেন আরেক গোল। ফলে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।  

চারবছর পর কাতারে আরেক বিশ্বকাপে উড়ছেন লা পুলগা খ্যাত আর্জেন্টাইন অধিনায়ক। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জ্বলে উঠেছেন তিনি। মেসি-আলভারেজ নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


শনিবার (৩ ডিসেম্বর) দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। তবে উরুর ইনজুরিতে পড়ে একাদশে ছিলেন না অ্যানহেল ডি মারিয়া। ফলে ম্যাচের শুরু থেকেই তার অনুপস্থিতির উত্তাপ কিছুটা অনুভব করা যাচ্ছিল। যার কারণে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ করতে পারছিলেন না। তবে দলের জন্য ত্রাতা হয়ে আসেন মেসি। ৩৫তম মিনিটে ডি-বক্সের ভেতরে বাঁ পায়ে দারুণ এক শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ চুরমার করে গোল আদায় করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন এই জাদুকর।

প্রথমার্ধে লিওনেল মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইউলিয়ান আলভারেজ। ৭৬ মিনিটে এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।

ফ্রান্সের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। তবে এবার আর শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়নি মেসিদের।

এর আগে দিনের অপর খেলায় যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডাচরা। ডাচদের হয়ে গোল করেন ডিপাই, ব্লিন্ড এবং ডামফ্রিজ। আর যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন হাজী রাইট।  এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে নেদারল্যান্ডস। আপাতত তারা অপরাজিত আছে কাতার বিশ্বকাপে। 

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল মেসিরা। যেখানে তাদের ত্রাতা হয়েছিলেন গোলরক্ষক রোমেরো।

আমাদের কাগজ/এম টি