স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৮৭ রানে টার্গেট দিয়েছে ভারত। টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। সাকিবের ঘূর্ণি আর এবাদত হোসেনের গতিতে ১৮৬ রানে অলআউট হয় ভারত।
ব্যাটিংয়ে নেমেই সাকিব এবং মিরাজের ঘূর্ণিতে পথ হারায় ভারত। দলীয় ২৩ রানে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে আউট ভারতীয় এই ওপেনার। নিজের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত করেন মিরাজ। তাঁকে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন শিখর ধাওয়ান। প্রথমে পেটের দিকে লাগার পর বল লেগেছে ব্যাটের পিঠে, এরপর ঢুকেছে স্টাম্পে। ২৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।
মিরাজের পর ভারতীয় ব্যাটিংয়ে দ্বিতীয় আঘাত আনে সাকিব। সাকিব এসেই ফিরিয়েছেন রোহিতকে। মোটামুটি ফুললেংথের বলটা টার্ন করবে ভেবে খেলেছিলেন রোহিত, তবে বল ধরে রেখেছে লাইন। ভারত অধিনায়ক মিস করে হয়েছেন বোল্ড। ৩১ বলে ২৭ রান করে ফিরেছেন রোহিত। ভারত দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৮ রানে।
এক্সট্রা কাভারে লিটনের দুর্দান্ত ক্যাচে রোহিতের পর ৯ রান করে সাজ ঘরে ফিরেন কোহলি। এক্সট্রা কাভারে লিটন দাস নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। ৪৯ রানে ৩ উইকেট হারানো দলকে জুটি গড়ে এগিয়ে নিচ্ছিলেন শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুল। তাদের ৫৬ বলে ৪৩ রানের জুটিটি অবশেষে ভাঙেন এবাদত হোসেন।
২০তম ওভারের শেষ বলে এবাদতের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন আইয়ার (২৪)। উইকেটরক্ষক মুশফিকুর রহিম নেন সহজ ক্যাচ। ৯২ রানে ভারত হারায় ৪ উইকেট। দলীয় শতরানের আগে ৪ উইকেট হারানো দলকে টেনে তুলছিলেন লোকেশ রাহুল আর ওয়াশিংটন সুন্দর। ৭৫ বলে তারা ৬০ রান যোগ করলে অনেকটাই ঘুরে দাঁড়ায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৭০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন রাহুল।
বাংলাদেশের হয়ে ৩৬ রানে ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। এবাদত শিকার করেন ৪৭ রানে ৪ উইকেট। ৪৩ রানে ১ উইকেট নেন মেহীদি হাসান মিরাজ।
আমাদের কাগজ//টিএ






















