খেলাধুলা ১৬ ডিসেম্বর, ২০২২ ০৭:১৭

এবার আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ, খেলবে ৩২ দল

স্পোর্টস ডেস্ক : ফুটবলের অভিভাবক সংস্থাটি বার্ষিক আয়োজনের পরিবর্তে প্রতি চার বছরে একবার বড় আকারে ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । বর্তমানে প্রতি বছরই ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। তবে ফুটবলের অভিভাবক সংস্থাটি বার্ষিক আয়োজনের পরিবর্তে প্রতি চার বছরে একবার বড় আকারে ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারবাহিকতায় ২০২৫ সালে ৩২ দলের অংশগ্রহণে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

কাতার বিশ্বকাপ ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ২০২৫ সালে পুরুষদের নতুন ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বের সেরা ৩২টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে।

ফিফা সভাপতি আরও বলেন, টুর্নামেন্টের ফরম্যাটসহ যাবতীয় বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। তবে এটি যথাসময়ে আয়োজিত হবে এবং ৩২ দলের অংশগ্রহণে বিশ্বকাপ ফুটবলের মতো অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত এই ক্লাব বিশ্বকাপ ২০২১ সালেই চীনে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে তা স্থগিত করা হয়।

জিয়ান্নি ইনফান্তিনো আরও জানান, ২০২৫ সালে নারীদের জন্যও ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তবে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলা হয়নি। এমনকি আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতে বিভিন্ন মহাদেশের চারটি দলের মধ্যে ফিফা ওয়ার্ল্ড সিরিজ নামের প্রীতি টুর্নামেন্ট আয়োজন নিয়েও পরিকল্পনা চলছে। ২০২২ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আগামী ফেব্রুয়ারিতে মরক্কোতে অনুষ্ঠিত হবে। বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ায় রিয়াল মাদ্রিদ ওই টুর্নামেন্টে ইউরোপের প্রতিনিধিত্ব করবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজকের নাম ২০২৪ সালে এবং ২০৩১ সালের নারী বিশ্বকাপের স্বাগতিকের নাম ২০২৫ সালে ঘোষণা করা হবে। এছাড়া, তিন মেয়াদে ২০৩১ সাল পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন ইনফান্তিনো।

আমাদেরকাগজ/ এইচকে