খেলাধুলা ১৭ ডিসেম্বর, ২০২২ ১০:২১

রেকর্ড জয়ের লক্ষ্যে ব্যাট হাতে টাইগাররা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে বিশ্বরেকর্ড করতে হবে। এমন সমীকরণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ফলে জয়ের জন্য আরও ৪৭১ রান করতে হবে সাকিব আল হাসানের দলকে।

বিশ্বরেকর্ড গড়ে জয়ের লক্ষ্য নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। দুই টাইগার ওপেনার নাজমুল হাসান শান্ত ৩৬ রানে ও অভিষিক্ত জাকির হাসান ১৭ রানে ক্রিজে আছেন। ১৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান। 

এর আগে চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রান সংগ্রহ করেছিল ভারত। 

জবাবে টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে লোকেশ রাহুলের দল। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

এদিকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ৪১৮ রান। 

আর টাইগাররা কখনোই ২১৫ রানের বেশি তাড়া করে টেস্ট জেতেনি। এ ছাড়া ড্রয়ের ম্যাচে সাকিবরা সর্বোচ্চ ১৪২ ওভার খেলেছিল। তাই ভারতের সঙ্গে ড্র করতে হলেও খেলতে হবে অনন্ত ১৮০ ওভার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে এদিন স্কোরবোর্ডে আর মাত্র ১৭ রান যোগ করতেই ১৫০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

আমাদের কাগজ/এম টি