খেলাধুলা ১৮ ডিসেম্বর, ২০২২ ০৩:২৮

মেসিদের যা উপহার দিচ্ছে আর্জেন্টিনা

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ দেখতে দেখতে শেষের পথে কাতার বিশ্বকাপ। আরও একবার আক্ষেপ ঘোচানোর সুযোগ লিওনেল মেসির সামনে। আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিততে আর্জেন্টাইন মহাতারকাকে পেরোতে হবে আর এক ধাপ। আজ (১৮ ডিসেম্বর) পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের।কাতার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইতে রোববার (১৮ ডিসেম্বর) ইউরোপীয় শক্তি ফ্রান্সের মুখোমুখি হবে লাতিন শক্তি আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালটি শুরু হবে রাত ৯টায়।  

গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলে ৩৬ বছরের শিরোপাখরা কাটবে আর্জেন্টিনার। 

প্রায় সমান শক্তির দুই প্রতিপক্ষের ফাইনালকে ঘিরে আগ্রহের কমতি নেই ভক্তদের মধ্যেও। একপাশে মেসি আর একপাশে কিলিয়ান এমবাপে। 

এমন গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের আগে মেসিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ফাইনাল ম্যাচের গ্যালারিতে একাধিক আর্জেন্টাইন তারকা এবং মেসির সাবেক সতীর্থদের আনার ব্যবস্থা করেছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। 

মেসিকে চমকে দেওয়ার জন্য ফাইনালের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া মেসির বহুদিনের বন্ধু সার্জিও আগুয়েরোকে ক্যাম্পে ডেকেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন তিনি। 

ফ্রান্সের বিপক্ষে শিরোপা খরা কাটানোর ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থাকবেন ম্যানচেস্টার সিটির এ কিংবদন্তি।

শুধু এখানেই শেষ নয়, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া একাধিক তারকাকে উড়িয়ে এনেছে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে শুরু থেকেই দেখা যেত জিওভানি লে সোলসোকে। তবে চোটের কারণে আগেভাগেই ছিটকে যাওয়া এ তারকাকে ফাইনাল ম্যাচে অনুপ্রেরণা দিতে কাতারে এনেছে দেশটির বোর্ড। শেষ মুহূর্তের চোটে ছিটকে যাওয়া নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন করেয়াও ফাইনালে থাকছেন আর্জেন্টিনা দলের সঙ্গে।

বিশ্বকাপের ইতিহাসে একটি নির্দিষ্ট আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল এসেছে ১৭১টি। ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ এর বিশ্বকাপে প্রথমবার মোট ১৭১ গোল হয়। এরপর ২০১৪ বিশ্বকাপ আসরেও ১৭১ টি গোল করে দলগুলো।

চলমান কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৩২টি দলের ৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রায় ১৬৬টি গোল হয়েছে। এখন শুধু ফাইনালের অপেক্ষায়।

উল্লেখ্য,সোনার ট্রফি জয়ে মুখোমুখি ইউরোপ ও লাতিন ফুটবল শক্তি দুদলের সামনেই তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি। যেখানে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হবার সুযোগ ফরাসিদের। আর ৩৬ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ লে আলবিসেলেস্তেদের।

আমাদের কাগজ/এম টি