খেলাধুলা ১৯ ডিসেম্বর, ২০২২ ০৫:৪৪

মেসির জন্যই ১০ নম্বর জার্সিটা রেখে দেবেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা কোচ বলেন, আগামী বিশ্বকাপেও মেসির জন্য জায়গা থাকবে। আমরা চাই, সে খেলা চালিয়ে যাক । বর্ণাঢ্য ক্যারিয়ারে লিওনেল মেসির অপূর্ণতা ছিল কেবল একটি বিশ্বকাপ, সেটিও অবশেষে নিজের করে নিয়েছেন ফুটবল সম্রাট। ৩৫ বসন্ত পার করা ফুটবলের এই শিল্পী ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এটিই। সেমিফাইনাল ম্যাচের পরই এমন ঘোষণা দেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও আগামী বিশ্বকাপ খেলছেন না তিনি, সেটা নিশ্চিত। যদিও কোচ লিওনেল স্কালোনি আগামী বিশ্বকাপেও দলে মেসিকে প্রত্যাশা করছেন। ম্যাচ শেষে লিওনেল স্কালোনি বলেছেন, “আগামী বিশ্বকাপেও মেসির জন্য জায়গা থাকবে। আমরা চাই, সে খেলা চালিয়ে যাক। সে যদি খেলে যেতে চায়, ১০ নম্বর জার্সি তার জন্য প্রস্তুত থাকবে।”

লুসাইল স্টেডিয়ামে রবিবার (১৮ ডিসেম্বর) হাড্ডাহাড্ডি ফাইনালে জয় পায় আর্জেন্টিনা। ১২০ মিনিটের লড়াইয়ের পর ৩-৩ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৪-২ গোলে জিতে ৩৬ বছরের শিরোপা-খরা কাটায় আর্জেন্টাইনরা। মেসির পাশাপাশি ফাইনালের আরেক নায়ক এই মার্টিনেজ। যিনি বারবার বলেছেন, “বিশ্বকাপটা তিনি মেসির জন্য জিততে চান। শুধু তিনি কেন, দলটাই নাকি খেলে মেসির জন্য!”

বিশ্বকাপ জেতার পর স্কালোনির মুখে দলে মেসির এই প্রভাবের কথাও শোনা গেছে। মেসির ২০০৬ বিশ্বকাপের সতীর্থ স্কালোনি বলেছেন, “কোনো ফুটবলারের সতীর্থদের ওপর এত প্রভাব কোনোদিন দেখিনি। দুর্দান্ত! দলটি আমাকে কেবল গর্বিতই করেছে।”

স্কালোনি বলেন, “আমি মনে করি, আগামী বিশ্বকাপের জন্য আমাদের উচিত তার জন্য একটা জায়গা রেখে দেওয়া। এটার মানে হলো, যদি মেসি খেলা চালিয়ে যেতে চায় তাহলে তার জন্য ১০ নম্বর জার্সি সংরক্ষণ করে রাখা যেতে পারে। আমি মনে করি, আর্জেন্টিনার জার্সিতে সে খেলবে কি-না এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে।”

কাতার বিশ্বকাপে ব্রাজিলের দলে ছিলেন ৩৯ বছর বয়সী দানি আলভেস। যদিও সাবেক এই বার্সা ডিফেন্ডার এক ম্যাচের বেশি মাঠে নামেননি। তবে দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে তাকে ২৬ জনের সঙ্গে রাখা হয়েছিল। মেসিও যদি ওই ভূমিকায় ২০২৬ বিশ্বকাপের দলে থাকতে চান তার এই বিশ্বজয়ী তরুণ সতীর্থরা হয়তো আপত্তি করবেন না। আর্জেন্টিনার খেলোয়াড় ও ভক্তদের কাছে মেসি নামটা তেমনই।

১৯৮৬ সালে ডিয়েগো মারাদোনার একক নৈপুণ্যে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। লম্বা সময় পর ঠিক যেন কিংবদন্তির পদাঙ্ক অনুসরণ করলেন মেসি। তার কাঁধে ভর করেই তৃতীয় শিরোপা জিততে পেরেছে লাতিন আমেরিকার দেশটি।

আমাদেরকাগজ/ এইচকে