খেলাধুলা ২৬ ডিসেম্বর, ২০২২ ১০:৪০

ব্যাংকে নোটে মেসির ছবি,: গুজব, নাকি সত্যি!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন শেষই হচ্ছে না আর্জেন্টিনায়। একের পর এক নতুন খবর আসছে সেখান থেকে। ঘোষণাও হচ্ছে একের পর এক। তবে যা যা খবর আসছে, তার মধ্যে কিছু গুজবও আছে। হালে এমনই একটি খবর নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই।

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর আর্জেন্টাইনদের এই শিরোপা জয়ে নেপথ্যের কারিগর লিওনেল মেসি। ১৯৮৬ সালের পর ২০২২ সালে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আকাশী-নীল জার্সিধারীরা।

লে আলবিসেলেস্তেদের সেই নায়কে নানান বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর রটে, আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডির বরাতে এই খবর জানায় দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি রীতিমতো ভাইরাল হয়। এতে দাবি করা হয়, জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশটির এক হাজার টাকার নোটের (আর্জেন্টাইন পেসো) একপাশে কোপা আমেরিকা জয়ের ও অন্যপাশে থাকবে লিওনেল মেসির ছবি।

এল ফিয়ানসিয়েরোর বরাতে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটেনের দ্য সান ও ডেইলি মেইল। সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসির ছবি যুক্ত করার সুপারিশ করেছে। আর মেসিকে বিশেষ সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিন্তু সপ্তাহ ব্যবধানে জানা গেল বিষয়টি সত্য না। আর্জেন্টিনার এক হাজার টাকার নোটে (আর্জেন্টাইন পেসো) মেসির ছবি থাকবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ ম্যানেজার ফার্নান্দো আলোনসো জানিয়েছেন, বিষয়টি সত্য নয়। ব্যাংক ম্যানেজমেন্ট এই বিষয়ে কিছুই জানে না। আর এমন কোনো পরিকল্পনা এখনও হয়নি।

এদিকে বিভিন্ন ফ্যাক্ট চেক ওয়েবসাইট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটার কোনো ভিত্তি নেই।

তবে এটিই প্রথম নয়। এর আগেও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পরে সে দেশের কয়েনে বিশ্বকাপ জয়ী দলের ছবি ছাপা হয়েছিল। ফলে বিষয়টি যে একেবারে নতুন কিছু হবে, তেমনও নয়। আপাতত তাই ১০০০-এর নোটে মেসিকে দেখতে অপেক্ষায় তার কোটি কোটি ভক্ত।


উল্লেখ্য, গেল রোববার (১৮ ডিসেম্বর, ২০২২) ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছেন লিওনেল মেসি। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় তিন যুগ পর আর্জেন্টিনা জিতে বিশ্বকাপ। তিনি হন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। জিতেন গোল্ডেন বল।

 আমাদের কাগজ/এম টি