স্পোর্টস ডেস্ক : গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর মিরপুরের উইকেট নিয়ে সাকিব বলেছিলেন, ‘এমন উইকেটে ১০-১৫টা ম্যাচ খেললে ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’ এবার বিপিএলে সেই উইকেটেরই প্রশংসায় সাকিব, সিলেট অধিনায়ক মাশরাফিও করলেন প্রশংসা।
ওই সব বিতর্ক কিছুটা ঢাকা পড়েছে বিপিএলের ঢাকা পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে ভালো রান হওয়ায়। উদ্বোধনী ম্যাচটা ছিল ভিন্ন। পরের ম্যাচগুলোতে দলগুলো অন্তত দেড়শ’ রান তুলেছে। দুইশ’ ছোঁয়া, দুইশ’ ছাড়ানো রানও হয়েছে। ধীর, নিচু এবং স্পিন সহায়ক মিরপুর শেরে বাংলার কম রানের উইকেটে ভালো রান দেখে মুগ্ধ জাতীয় দলের দেশ সেরা সাবেক অধিনয়াক মাশরাফি মর্তুজা এবং বর্তমান টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
মিরপুরের উইকেট রান দেখে মাশরাফি বলেন, ‘চট্টগ্রামে গেলেই শুধু ভালো উইকেট পাওয়া যায়। মিরপুরে এমন উইকেট পাওয়া যায় না। তিন দিন যা দেখলাম, দারুণ উইকেট। এমন উইকেট হলে খেলা সহজ হয়। এমন উইকেট পেলে কিছু ক্রিকেটার আমরা তৈরি করতে পারব। এতো সমালোচনার মধ্যেও মাঠের খেলা ঠিক আছে, এটা ভালো ব্যাপার।’
বিপিএল নিয়ে সমালোচনা করা সাকিবও মিরপুরের উইকেটে মুগ্ধ, ‘এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে এমন উইকেট পাওয়া খুবই অপ্রত্যাশিত। কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে। মাঠের খেলাও বেশ জমছে। শান্ত, জাকির, হৃদয় ধারাবাহিক ভালো খেলছে। সব থেকে ভালো দিক হলো, স্থানীয় ব্যাটাররা ভালো রান করছে।’
দেশের ব্যাটাররা ভালো করলেও বোলাররা এখনও সেভাবে ভালো পারফরম্যান্স দিতে পারেননি বলেও মনে করেন সাকিব, ‘পিচগুলো ভালো পাওয়ায় দেশীয় ব্যাটাররা রান করার সুযোগ পাচ্ছে। তারা সেটাকে কাজেও লাগাচ্ছে। কিন্তু আমাদের বোলাররা ওরকম ভালো বল করছে না। ভালো উইকেটে বোলিং করা শিখতে হবে তাদের।’
মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ওই পর্ব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরবে। ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএল অনুষ্ঠিত হবে সিলেটে। ৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে গ্রুপ ম্যাচের শেষ পর্ব। ১০ ফেব্রুয়ারি বিপিএলের গ্রুপ ম্যাচ শেষ হবে।
আমাদেরকাগজ/ এইচকে






















