খেলাধুলা ২৭ জানুয়ারি, ২০২৩ ০৯:৪২

বরিশালকে ১৬৯ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক : ম্যাক্স ও’ডোড, আফিফ হোসেন এবং কার্টিস ক্যাম্পারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে চট্টগ্রাম। জিততে হলে বরিশালকে করতে হবে ১৬৯ রান। সিলেটে বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল। যেখানে ম্যাচটি দেখতে পুরো স্টেডিয়ামেই দর্শকের ভিড় লক্ষ্য করা গেছে।

স্টেডিয়ামের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ছিল এদিন। ঢাকা বা চট্টগ্রামের উইকেটের মতো অনেক রানের বিনোদন সিলেটের দর্শকদের উপহার দেওয়া না গেলেও চট্টগ্রামের ব্যাটসম্যানরা লড়াই করার মতো বড় সংগ্রহ পেয়েছে এদিন। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে এদিন বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম।

জয়ের ধারায় ফিরতে একাদশে সাত পরিবর্তন আনে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারিয়ে ফেলে দলটি। প্রথমবারের মতো এবারের বিপিএল খেলতে নেমে ৫ রানের বেশি করতে পারেননি মেহেদী মারুফ।

এদিন ব্যাট হাতে উপরে উঠানো হয় উন্মুক্ত চাঁদ। ১৩ বলে ১৬ রান করে ফেলেন এই ব্যাটসম্যান। দারুণ কিছুর ইঙ্গিত দেন এই ভারতীয় ব্যাটার। কিন্তু শেষ পর্যন্ত ১৬-তেই থেমে যান এই ব্যাটসম্যান।

পাওয়ারপ্লেতে অবশ্য ৪৩ রান তুলে ফেলে চট্টগ্রাম। চারে নেমে আফিফ এদিন দারুণ খেলতে থাকেন। ম্যাক্স ও’ডোডের সাথে গড়েন ৪২ রানের জুটি। ম্যাক্স ৩৩ রানে ফিরলে ভাঙে জুটিটি। এরপর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। আফিফও ফেরেন ৩৭ রান করে।

১০২ রানে ৫ উইকেট হারিয়ে ফেললে চট্টগ্রামের সংগ্রহ খুব দেড়শর মাঝে থমকে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে সেখান থেকে প্রথমবারের মতো এবারের বিপিএলে মাঠে নামা ক্যাম্পার এবং ইরফান শুক্কুর দ্রুত ৬৬ রানের জুটি গড়লে লড়াই করার মতো বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।

ইরফান শুক্কুর ২০ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হলেও অন্যপ্রান্তে ক্যাম্পার ছিলেন অপরাজিত। মাত্র ২৫ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৫ রান করে অপরাজিত থাকেন এই আইরিশ ক্রিকেটার।

বরিশালের পক্ষে কামরুল ইসলাম রাব্বি এবং সৈয়দ খালেদ আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন মোহাম্মদ ওয়াশিম।

আমাদেরকাগজ/ এইচকে