খেলাধুলা ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাংলাদেশের এমন সমর্থনের বড় কারণ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যে খুদে জাদুকরকে ঘিরে সারা বাংলাদেশে এত উন্মাদনা, এবার সেই মেসিই কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বলেছেন।   এই বিশাল জনগোষ্ঠির আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার পেছনে যে লিওনেল মেসির নাম রয়েছে, তা কারোই অজানা নয়। এবার সেই মেসিই কথা বললেন বাংলাদেশকে নিয়ে। দেশটির নাম উচ্চারণ করতেই উচ্ছ্বসিত হয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা জানিয়েছেন নিজের অনুভূতির কথা।  

আর্জেন্টিনার ওলে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় জার্সি পরিহিত, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীজুড়ে দেখা, সত্যিই অসাধারণ। ’

বিশ্বকাপে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস নিয়ে এর আগে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে কয়েকদিন পরেই খোলা হবে আর্জেন্টাইন দূতাবাসও। সবকিছু মিলিয়ে ফুটবলে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের এই উচ্ছ্বাস প্রশংসা কুড়াচ্ছে সারা বিশ্বেই।

আমাদেরকাগজ/ এইচকে