খেলাধুলা ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:২৩

মাশরাফীর ফেরা নিয়ে যা বললেন হাথুরুসিংহ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তবে তিন বছর আগে ২০২০ সালের মার্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন 'নড়াইল এক্সপ্রেস' ম্যাশ। বিপিএলেও মাঝারি মানের দল গড়েও মাশরাফীর নেতৃত্বগুণে ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শিরোপা খোয়াতে হয়েছিল তাদেরকে। তবে সিলেট হারলেও মাশরাফীর পারফরম্যান্সে মুগ্ধ বাংলার ক্রিকেট ভক্তরা।

বিপিএলের ফাইনালের পর জাতীয় দলে ফেরার প্রসঙ্গে মাশরাফীকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে তিনি সাফ বলে দিয়েছিলেন, ‘বাংলাদেশ দলে ফেরার কোনো ইচ্ছা নেই। যতদিন মন সায় দেবে, ততদিনই মাঠে খেলব। যদি টুর্নামেন্টের মধ্যেও মনে হয় খেলব না, তো খেলব না।’

বুধবার, ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর সেখানেই গণমাধ্যমকর্মীরা হাথুরুর কাছে জানতে চাওয়া হয় মাশরাফীর জাতীয় দলে ফেরা প্রসঙ্গে।

মাশরাফীর ফেরা নিয়ে হাথুরু যা বললেন, তাতে এই প্রসঙ্গে আর কথা বাড়ানোর সুযোগই রইলো না। মাশরাফি কি ফিরবেন? এমন প্রশ্নে হাথুরু তার স্টাইলেই জবাব দিলেন, ‘নির্বাচনের জন্য?’

মাশরাফী যে মাঠের বাইরে এখন রাজনীতিবিদ সেই খবরও রাখেন হাথুরুসিংহে। তাই ম্যাশের দলে ফেরার প্রসঙ্গে টেনে আনতেই নির্বাচনের কথা বলায় বোঝাই গেলো সব প্রশ্নের উত্তর। তারপর অবশ্য পরিষ্কার করেই সব বলে দিলেন চন্ডিকা হাতুরুসিংহে। লঙ্কান এই কোচের জবাব, ‘না, আমার মনে হয় সে (মাশরাফী) আর খেলছে না।

আমাদের কাগজ/ এইচকে