খেলাধুলা ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৯

বার্বাডোজের জয়ের ম্যচে ছিলেন না সাকিব

সাকিব

সাকিব

ডেস্ক রিপোর্ট।।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের ম্যাচ নিয়ে আগ্রহ ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। কিন্তু হতাশ হতে হলো, এই ম্যাচে বার্বাডোজের একাদশে ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য জেপি দুমিনির ঝড়ো ইনিংসে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে দলটি।

বিসিবির অনাপত্তিপত্র পেয়ে গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছিলেন সাকিব। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। ম্যাচটা ছিল দুমিনিময়। সিপিএলের দ্রুততম ফিফটি, একটি দুর্দান্ত ক্যাচ এবং বল হাতে দুটি উইকেট নেন এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। তাতে ঘরের মাঠে টানা ৮ ম্যাচ হারের বৃত্ত থেকে বের হলো বার্বাডোজ। নিজেদের সপ্তম ম্যাচে ত্রিনবাগোকে তারা ৬৩ রানে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা।

জনসন চার্লস (৫৮) ও জোনাথন কার্টারের (৫১) ১১০ রানের উদ্বোধনী জুটির পর দুমিনি মাত্র ১৫ বলে ফিফটি করেন। সপ্তাহখানেক আগে এভিন লুইসের ১৭ বলে হাফসেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি। বার্বাডোজকে ৫ উইকেটে ১৯২ রান এনে দিতে দুমিনির ২০ বলে ৬৫ রানের ইনিংস বড় অবদান রাখে, তার ইনিংসে ছিল ৭টি ছয় ও ৪টি চার।

দুমিনির এই ব্যাটিং ঝড়ে চাপা পড়ে ত্রিনবাগো। বড় লক্ষ্যে নেমে ৮ ওভারে তারা ৩ উইকেট হারায় ৭৪ রান করে। এরপর যুক্তরাষ্ট্রের লেগস্পিনার হেইডেন ওয়ালস ঘূর্ণি জাদু দেখান। মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি, এর মধ্যে এক ওভারে তার শিকার ছিলেন ৩ ব্যাটসম্যান। ১৭.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয় ত্রিনবাগো। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে এই দল।

আগামী ২৯ সেপ্টেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বার্বাডোজ। ওই ম্যাচে সাকিবের ঝলক দেখার অপেক্ষায় ভক্তরা। লিগ পর্বে আর ৩ ম্যাচ খেলবে বাংলাদেশি অলরাউন্ডারের দল।

অবশ্য বাংলাদেশের ভক্তরা আগ্রহ দেখাতে পারে জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া জুকসের কালকের ম্যাচ নিয়েও। কারণ জ্যামাইকার হয়ে খেলতে উইন্ডিজে গেছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।