খেলাধুলা ২৭ মার্চ, ২০২৩ ০৪:৩৩

বৃষ্টির কারণে রেকর্ড গড়া হলো না টাইগারদের

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বাগড়া দিয়েছে। ফলে ১৯.২ বলে ৫ উইকেটে ২০৭ রান করার সময়েই খেলা বন্ধ হয়ে গেছে। এতে রেকর্ড গড়া থেকে বঞ্চিত হয়েছে সাকিব আল হাসানের দল। ২০১৮ সালে শ্রীলঙ্কার মাটিতে রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ২১৫ রান করেছিল বাংলাদেশ।

সোমবার, ২৭ মার্চ প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। প্রথম দুই ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে আগ্রাসী শুরু করেন টাইগার দুই ওপেনার লিটন ও রনি। ফলে পাওয়ার প্লেতে ৮১ রান তুলেন তারা। যা বাংলাদেশের হয়ে প্রথম ৬ ওভারে সর্বোচ্চ সংগ্রহ। তবে দলীয় ৯১ রানের মাথায় অতি আত্মবিশ্বাসী লিটন থেমে গেছেন ব্যক্তিগত মাইলফলকের একটু আগেই।

ক্রেইগ ইয়ংয়ের করা ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। এরপর আক্রমণে যাওয়ার লক্ষ্যে ঝোড়ো ব্যাটিং করতে গিয়ে বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্তও। ১৩ বলে ১৪ রান করে উইকেটে সেট হওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু হ্যারি টেক্টরের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শান্ত।

১১৮ রানের মাথায় লিটন আর শান্ত আউট হয়ে গেলেও রনি তালুকদারের বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রাখেন। এই ব্যাটার মাত্র ২৪ বলেই হাফসেঞ্চুরি পূরণ করেন। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ফিফটি। যদিও শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৭ রানে আউট হয়ে যান ডানহাতি এই ব্যাটার। তার ঝোড়ো ইনিংসে ৭টি বাউন্ডারির সঙ্গে ছিল ৩টি ছক্কার মার।

চার নম্বরে ব্যাট করতে নামা শামীম হোসেন পাটোয়ারী ২০ বলে ২ চার আর ১ ছক্কায় ৩০ রান করে আউট হন। তাওহিদ হৃদয় ৮ বলে এক ছক্কায় করেন ১৩। এরপর সাকিব আল হাসান ১৩ বলে ২০ রানে এবং মেহেদী হাসান মিরাজ ১ বলে ৪ রান করার পরই বৃষ্টি নামে।

আমাদেরকাগজ/ এইচকে