খেলাধুলা ৪ এপ্রিল, ২০২৩ ০৮:১৭

বঙ্গবাজারে অগ্নিকান্ড: নিঃস্ব ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন সাকিব আল হাসান 

স্পোর্টস ডেস্ক: আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজধানী বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে গেছেন হাজারো ব্যবসায়ী। অগ্নিকাণ্ডের পর থেকে একে একে ৪৯টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এ সময় আগুনে নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে শতশত ব্যবসায়ীকে। তাদের এমন খারাপ সময় পাশে দাঁড়ালেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। 

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ফেইসবুকে লিখেছেন, 'আমি নিশ্চিত আপনারা ইতোমধ্যেই জানেন যে,  বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে সেখানকার প্রত্যেক ব্যবসায়ী তাদের উপার্জনের সবকিছু হারিয়েছে। এটা তাদের জন্য খুবই কঠিন সময়, বিশেষ করে এই রমজানে। ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য 'সাকিব আল হাসান ফাউন্ডেশনের' পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। যা দেখা-শুনা করবে মাস্তুল ফাউন্ডেশন।'

সাকিব আরো যোগ করেন, 'পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই।


আমাদেরকাগজ/এইচএম