খেলাধুলা ১২ এপ্রিল, ২০২৩ ০৭:৩০

কিংবদন্তি জর্ডানের স্নিকার বিক্রি হলো ২৩ কোটি টাকা 

স্পোর্টস ডেস্ক : মার্কিন বাস্কেটবল সুপারস্টার মাইকেল জর্ডানের একজোড়া স্নিকার ২৩ কোটি ৩২ লাখ টাকায় (২২ লাখ ডলার) বিক্রি হয়েছে। এই স্নিকার পায়ে দিয়ে জর্ডান ১৯৯৮ সালে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) ফাইনাল খেলেছিলেন। এনবিএ উত্তর আমেরিকার পেশাদার বাস্কেটবল লীগ। নিলাম সংস্থা সদবিস জানিয়েছে, ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হওয়া এই স্নিকার ইতিহাস তৈরি করেছে। এর আগে ২০২১ সালে জর্ডানের স্নিকার বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে।খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া স্নিকারের তালিকায় এক নম্বরে এখন জর্ডানের এই স্নিকার।

নিলাম সংস্থা জানিয়েছে, এই নিলামের ফলে আবার বোঝা গেল, মাইকেল জর্ডানের জনপ্রিয়তা কতখানি। সংগ্রাহকরা তার স্নিকার সংগ্রহ করতে কীভাবে ঝাঁপিয়েছেন।

এই স্নিকারটা কালো ও লাল রঙের। তাই ব্ল্যাক ও রেড মিলিয়ে এর নাম দেয়া হয়েছে ব্রেড। ১৯৯৮ সালে এনবিএ ফাইনালে দুই নম্বর গেমে মাইকেল জর্ডান এই স্নিকার পায়ে দিয়ে খেলেছিলেন। এটাই ছিল তার ষষ্ঠ ও শেষ এনবিএ চ্যাম্পিয়নশিপ।

জর্ডানের বয়স এখন ৬০ বছর। তিনি বাস্কেটবল জীবনের অধিকাংশ ম্যাচ শিকাগো বুলসের হয়ে খেলেছিলেন। ছয়টি চ্যাম্পিয়নশিপ তিনি তাদের হয়েই জেতেন। ১৯৯৮ সালে ওই ম্যাচে বুলস ৯৩-৮৮-তে জেতে। ম্যাচের দ্বিতীয়ার্ধে জর্ডন এই স্নিকারটি পরেন।

মাইকেল জেফরি জর্ডান ১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি শার্লট ববক্যাট্‌স নামক বাস্কেটবল দলের মালিকানার সঙ্গে যুক্ত আছেন।

স্পোর্ট্‌স ইলাস্ট্রেটেড ম্যাগাজিন ১৯৯১ সালে তাকে “স্পোর্টস ম্যান অব দা ইয়ার” খেতাব দেয়। ১৯৯৯ সালে ইএসপিএন তাকে বিংশ শতাব্দীর সেরা অ্যাথলিট ঘোষণা করে। অনেকেই জর্ডানকে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় মনে করেন।

আমাদেরকাগজ/ এইচকে