খেলাধুলা ১৮ এপ্রিল, ২০২৩ ০৪:৪২

এবার বাবরের পক্ষ নিয়ে শোয়েবকে খোঁচা দিলেন শাহিন!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটে বরাবরি খোঁচাখুঁচি লেগেই থাকে। আঠার মতো একে অন্যের পেছনে লেগে থাকেন। যেমন ইদানিং পাকিস্তানের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় হলো বাবর আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে। শোয়েব আখতার, শহিদ আফ্রিদিসহ অনেক সাবেকরাই বাবরকে দেখতে পারেন না। তাকে নিয়ে নানারকম মন্তব্য করেন মিডিয়ায়। এমতাবস্থায় বাবর পাশে পেলেন শাহিন আফ্রিদিকে।

বেশ কিছুদিন আগে বাবর আজমের সমালোচনা করে শোয়েব আখতার বলেছিলেন, ‘ক্রিকেট খেলা একটা কাজ, আর গণমাধ্যম সামলানো আরেকটা। যদি কথা বলতে না পারেন, টিভি পর্দায় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না। আমি সরাসরি বলতে চাই, বাবর আজম পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত ছিল। কিন্তু কেন সে পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে ওঠেনি? কারণ, সে কথা বলতে পারে না।’

শোয়েবের এই বক্তব্য নিয়ে তখন বেশ তোলপাড় হয়েছিল। অনেকেই শোয়েবকে সমর্থন দিয়েছিলেন, আবার কেউ কেউ করেছিলেন সমালোচনা। এবার পাকিস্তানের পেস তারকা শাহিন আফ্রিদিও দাঁড়ালেন বাবরের পাশে। স্থানীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তাকে প্রশ্ন করা হয়েছিল যে- শোয়েব আখতারের কোন গুণটা আপনার সবেচেয়ে ভালো লাগে? জবাবে শাহিন বলে দেন, ‘সে খুব ভালো ব্র্যান্ডিং করতে পারে।’ বলা বাহুল্য যে, এই খোঁচার মাধ্যমে শোয়েবকে তার জবাব দিয়ে দিলেন শাহিন।

আমাদেরকাগজ/ এইচকে