খেলাধুলা ২৭ এপ্রিল, ২০২৩ ০৭:৩৫

মেসিকে ফেরাতে লা লিগা ও বার্সেলোনার বৈঠক

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরেই । কিছুদিন আগে ১৫ স্যুটকেস নিয়ে গোপনীয়তার সঙ্গে সপরিবারে স্পেনে পা রাখার মাধ্যমে গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে। পরে শোনা যায়, মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে তার নামে জাদুঘর স্থাপনেরও পরিকল্পনা নিয়েছে কাতালান ক্লাবটি।

মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারটি এক দিক দিয়ে লা লিগার জন্যও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ফুটবলের বড় বড় নামদের হারিয়ে লা লিগা এখন একরকম তারকশূন্য, যার ফলে কমেছে স্পন্সরও। মেসি স্পেনে ফিরলে তাই তাকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়ার কথা তাই অনেকবারই বলেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।

কিন্তু ন্যু ক্যাম্পে মেসির ফেরার পথে অনেক বাধা রয়েছে। আর্থিক প্রতিবন্ধকতা (লা লিগার ফেয়ার প্লে পলিসি) তার মধ্যে অন্যতম। তবে সেই বাধা উতরানোর পথও বের করতে ব্যস্ত বার্সা। তারই অংশ হিসেবে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে বার্সেলোনা। বৈঠকের উদ্দেশ্য- মেসিকে বার্সায় ফেরানোর সহজ প্রক্রিয়া বের করা।

স্প্যানিশ টিভি চ্যানেল এল চিরিঙ্গিতো দে জুগোনেসের বরাত দিয়ে কাতালান সংবাদমাধ্যম স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আলোচনায় বসেছে বার্সেলোনা এবং লা লিগা কর্তৃপক্ষ। বৈঠকে দুই পক্ষ থেকেই দুজন করে উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে প্রায় সোয়া এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। 

তবে বার্সেলোনায় মেসির ফেরার বিষয়টি এত সহজ হবে না। তুলনামূলক উন্নতি হলেও বার্সেলোনা এখনও ভালোই আর্থিক সমস্যায় জর্জরিত রয়েছে। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে চাইলে কিছু খেলোয়াড় ছেড়ে দেওয়ার পাশাপাশি কাতালান ক্লাবটিকে বেতনের সীমাও (২০০ মিলিয়ন ইউরো) কমাতে হবে। আর্থিক টানাপড়েনের কারণে রোনাল্ড আরুহো এবং পাবলো গাভির চুক্তি নবায়ন আটকে রয়েছে, এমনকি তাদের হারানোর শঙ্কায়ও রয়েছে স্প্যানিশ পরাশক্তিরা।

মাত্র ১৩ বছর বয়সে ক্লাবের অ্যাকাডেমি লা ম্যাসিয়ায় যোগ দিয়ে বার্সেলোনায় পা রেখেছিলেন লিওনেল মেসি। এরপর থেকে দিন যত এগিয়েছে, ততই কাতালান ক্লাবটির সমার্থক হয়ে উঠেছিলেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিওনেল মেসির গায়ে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি দেখতে হবে- এক সময় এমনটা দূরতম কল্পনায়ও আনেননি ফুটবলপ্রেমীরা।

কিন্তু ফুটবল বিশ্বের চোখ কপালে তুলে দিয়ে বছর দেড়েক আগে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। লা লিগার আর্থিক কাঠামোগত প্রতিবন্ধকতায় বার্সেলোনা থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অশ্রুসজল বিদায় আবেগে ভাসিয়েছিল কাতালান ক্লাবটির সমর্থক থেকে শুরু করে সবাইকেই। ন্যু ক্যাম্প ছাড়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দলের জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে রেকর্ড সর্বোচ্চ ৬৭২ গোল করেন মেসি, সেই সঙ্গে ক্লাবের হয়ে জেতেন ৩৫টি শিরোপা। 

আমাদেরকাগজ/ এইচকে