খেলাধুলা ৩ মে, ২০২৩ ০৪:৩৮

রাতে ইংল্যান্ডে যাচ্ছেন লিটন, মুস্তাফিজ বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে দুই বহরে দেশ ছেড়েছিল টাইগাররা। প্রথম বহর লন্ডনের চেমসফোর্ডে পৌঁছায় গত সোমবার। আর দ্বিতীয় বহর সেখানে পৌঁছায় মঙ্গলবার। পারিবারিক কারণ দেখিয়ে সদ্যই আইপিএল ছেড়ে দেশে ফেরত আসেন তিনি। তবে মঙ্গলবার, ২ মে দিবাগত রাতে একাই দেশ ছেড়েছেন দেশসেরা এই ব্যাটার।

এবার প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছিলেন লিটন। তবে ভারত সফরে গিয়ে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। সেই ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে না পারায় আর সুযোগই পাননি ডানহাতি এই ওপেনার।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষে ভারতে উড়াল দিয়েছিলেন লিটন। ১৯ দিনের মিশনে একের পর এক ম্যাচে সাইডবেঞ্চের ডাগআউটে বসে থাকতে হয়েছিল তার। তাই শেষমেষ অনেকটা বিরক্ত হয়েই দেশে ফেরেন এই ক্রিকেটার। এদিকে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচেও খেলার সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান। কাল রাতে ঢাকা থেকে যাত্রা করবেন কাটার মাস্টার। আর প্রস্তুতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্র থেকে চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেকে সামনে রেখে আজ থেকে ইংলিশ কন্ডিশনে প্রস্তুতি শুরু টাইগারদের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান আর লিটন কুমার দাস ছাড়া স্কোয়াডের বাকিরা প্রথম সেশনে থাকছেন।

আগামী ৯, ১২ ও ১৪ মে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচামরার। এই সিরিজে ৩-০ তে জিততে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে আইরিশরা।

আমাদেরকাগজ / এইচকে