খেলাধুলা ১০ মে, ২০২৩ ০৬:৩৩

মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক। লো স্কোরিং ম্যাচে মোহামেডানকে হেসেখেলেই ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। বুধবার, ১০ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের দল সংগ্রহ করে মোটে ১০৯ রান। ছোট লক্ষ্যে তাড়ায় ২৯.১ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মোহামেডান। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও রুবেল মিয়া ৩৭ রান যোগ করেন। তবে কাশিফ ভাট্টি ও রেজাউর রহমান রাজার বোলিং তোপে ২৭.৩ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

ইমরুল ১৬, রুবেল ২১, আবদুল মাজিদ ১৫ ও খালেদ আহমেদের ১৯ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদ শূন্য হাতে বিদায় হন। বোলিংয়ে প্রাইম ব্যাংকের হপ্যে কাশিফ ভাট্টি ৪৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া রাজা ৩টি, নাসির হোসাইন ২ টি ও শফিউল ইসলাম ১ উইকেট পান।

ছোট রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় প্রাইম ব্যাংক। জাকির হাসান ও শাহাদাৎ হোসেন দিপু মিলে দলের সংগ্রহ ফিফটি ছাড়িয়ে যান। অবশ্য ব্যক্তিগত ৩০ রান করে দিপু আউট হয়ে যান। দিপু সাজঘরে ফিরলে মিঠুনকে নিয়ে এগোতে থাকেন জাকির। তবে আবারও প্রাইম ব্যাংক শিবিরে আঘাত হানেন অপু। ১৯ রানে থাকা জাকিরকে ফেরান এই বোলার। এরপর প্রান্তিক নওরোজ নাবিল ও মিঠুন মিলে দলকে একশ’র গণ্ডি পার করান।

তবে জয় থেকে খানিক দূরে থাকাকালীন ফিরে যান দুজনই। নাবিল ৩০ এবং মিঠুন ১৬-তে কাটা পড়েন। পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির হোসেন (১০*) এবং আল আমিন জুনিয়র (২*)।

মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাজমুল অপু। অপর উইকেটটি পান মুশফিক হাসান।

আমাদেরকাগজ / এইচকে