খেলাধুলা ২৬ মে, ২০২৩ ০৬:১১

ক্যারিবিয়ানদের কাছে ৩ উইকেট হারল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল জশুয়া ডি সিলভার দল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ১৯০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। এরপর রান তাড়ায় ঘূর্ণি জাদুতে এক পর্যায়ে ক্যারিবিয়ানদের ৭ উইকেট তুলে নিয়েছিল স্বাগতিক স্পিনাররা।

প্রথম ইনিংসে ব্যাট করে ২৩৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল তাদের ইনিংসে ৩৪৫ রান সংগ্রহ করে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ২৯৭ রানেই অলআউট হয় বাংলাদেশি ব্যাটাররা। পরবর্তীতে ৭ উইকেট হারালেও ১৯০ রানে সহজ লক্ষ্য শেষ দিন চা বিরতির পরই উতরে যায় উইন্ডিজরা।

শুক্রবার, ২৬ মে চতুর্থ দিন ৪ উইকেট হাতে রেখে ১৬৬ রানের লিডে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। তবে আগের দিনের পুঁজির সঙ্গে তারা মাত্র ২৪ রান যোগ করতে পারে। ইরফান শুক্কুর ব্যক্তিগত ৭২ রানে বিদায়ের পর বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ২৯৭ রানেই। এ ছাড়া শুরুতে ম্যাচের হাল ধরা সাদমান ইসলাম ৭৪ এবং শাহাদাত হোসেন দিপু ৫০ রান করেন।

বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদেরও। টাইগার বোলারদের নৈপুণ্যে এই রানও পাহাড়সম মনে হয় সফরকারী ব্যাটারদের সামনে। দলীয় ৭০ রানের আগেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে বসে সফরকারীরা। তবে অধিনায়ক জশুয়া ডি সিলভা এবং মারকুটে ব্যাটার ব্র্যান্ডন কিং দলের হাল ধরে বসেন।

ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার মিলে ৭৬ রানের জুটি গড়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। এরপর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করা কিংয়ের উইকেট তুলে নেওয়ার পর একই ওভারে আরও এক উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। ফলে ৭ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে চা বিরতিতে যায় ক্যারিবিয়ানরা।

তবে চা পানের বিরতি শেষে জশুয়া ডি সিলভা এবং আকিম কেলভিনের ব্যাটে ভর করে ৩ উইকেটের জয়ে নিয়ে সফরকারী মাঠ ছাড়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন স্পিনার তানভীর ইসলাম। এ ছাড়া সাইফ হাসান নিয়েছেন ২ উইকেট। এর আগে সিরিজের প্রথম ম্যাচে হারার শঙ্কা থাকলেও, দিন শেষ হওয়ায় পরাজয় এড়িয়ে ড্র করে বাংলাদেশ।

আমাদেরকাগজ / এইচকে