খেলাধুলা ২৯ মে, ২০২৩ ০৪:৫৫

প্রথম ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলে বাবর-রিজওয়ান

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অনেক শিক্ষার্থীর চোখেই যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন থাকে। প্রথম ক্রিকেটার হিসেবে  বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিজনেস স্কুলের একটি প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক-সহঅধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিজনেস স্কুলের বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগের ওপর এক্সিকিউটিভ এডুকেশন প্রোগামে অংশ নিচ্ছেন বাবর এবং রিজওয়ান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের ক্যাম্পাসে আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ক্লাস করার কথা রয়েছে।

এর আগে ফুটবলার কাকা, এডউইন ফন ডার সার, জেরার্ড পিকে, অলিভার কান, এনএফএলের ব্র্যান্ডন মার্শাল, এনবিএর ক্রিস বোশ ও ডোয়াইন ওয়েড এবং মেজর লিগ বেসবলের অ্যালেক্স রদ্রিগেজের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা এ প্রোগ্রামে অংশ নিয়েছেন। তবে বাবর-রিজওয়ানের আগে কোনো ক্রিকেটার এ প্রোগ্রামে অংশ নেননি।

ক্রিকেটের ২২ গজে পাকিস্তানের হয়ে বাবর-রিজওয়ান জুটি অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগামে অংশ নেওয়া নিয়েও দুই পাকিস্তানি খেলোয়াড় বেশ উচ্ছ্বসিত।

dt-ad
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম বলেন, “হার্ভার্ডের এই বিশ্বমানের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আমার অনুপ্রেরণা হচ্ছে সংযুক্ত হওয়া, আবিষ্কার করা, শোনা, শেখা, নিজেকে বিকশিত করা এবং তা সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া।”

অন্যদিকে, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান বলেন, “এ ধরনের একটি সম্মানজনক জায়গায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা বিশাল সম্মানের। বিশ্বের সেরা বিদ্যাপীঠ থেকে শেখার জন্য আমরা হার্ভার্ডে যাচ্ছি এবং একইসঙ্গে আমাদের এ সফর ও শিক্ষা সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।”

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আরও বলেন, “আমি নিশ্চিত যে এটি একটি স্মরণীয় যাত্রা হবে। আমি ক্রিকেট বিশ্বের পরবর্তী সুপারস্টারদের সঙ্গে আমাদের শিক্ষা এবং অভিজ্ঞতা ভাগাভাগির জন্য উন্মুখ হয়ে আছি।

আমাদেরকাগজ / এইচকে