খেলাধুলা ২৩ জুলাই, ২০২৩ ০৬:২১

বিশ্বকাপে অধিনায়ক তামিম : পাপন 

স্পোর্টস ডেস্ক  : বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ জুলাই অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর যেন দেশের ক্রিকেটে ঝড় নেমে আসে। তবে সেই উথাল-পাথাল সমাধান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে। পরদিন অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান এই দেশসেরা ওপেনার। তবে ঠিক কি কারণে তামিম অবসর নিয়েছিলেন তা এখনো স্পষ্ট হয়নি। আপাতত দেড় মাসের ছুটিতে রয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। দেশসেরা ওপেনার ছুটিতে থাকলেও তাকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। 

তামিমের আবার দলে ফেরা ও অধিনায়কত্ব নিয়ে আজ বিসিবি সভাপতি স্পষ্ট ধারণা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একটা সোজাসাপ্টা জিনিস বলে দেই, আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না এলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। ’

এ সময় নিজের পিঠের চোটের চিকিৎসা করানোর কথা তামিমের। কয়েকদিন আগে পরিবার নিয়ে দুবাইয়ে ঘুরতে যান তামিম। এরপর তার চিকিৎসার জন্য যাওয়ার কথা ইংল্যান্ডে। এর মধ্যে এক সাক্ষাৎকারে তামিম জানান, তাকে সঠিকভাবে ব্যায়াম করানো হয়নি। চিকিৎসা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। এ নিয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।  

রোববার, ২৩ জুলাই এক পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্যটা কী বলার। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। ’

‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে দাঁড়ানো। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি। 


আমাদেরকাগজ / এইচকে