খেলাধুলা ১২ আগস্ট, ২০২৩ ০৮:১৫

কলম্বিয়াকে উড়িয়ে সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ কলম্বিয়াকে উড়িয়ে দিয়ে ২-১ গোলে জয় পেয়েছেন ইংলিশ নারীরা।

কলম্বিয়ার নারীদের বিপক্ষে ইংলিশ নারীদের লড়াইটা ততটাও জমে উঠার কথা ছিল না। তবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই তালে তাল মিলিয়ে লড়াই করতে থাকে কলম্বিয়া। একের পর এক আক্রমণ ঠেকিয়ে তারা ইংলিশ রক্ষণভাগের পরীক্ষাও নিতে থাকে। তবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল যোগ হচ্ছিল না কারো স্কোরবোর্ডেই। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ দিকে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া। গোলটি করেন মধ্যমাঠের খেলোয়াড় লেসি সান্তোস। এই গোলের মধ্য দিয়ে সেমিতে পা রাখার আশা জাগে সমর্থকদের মনে।

তবে সেই আশায় গুড়ে বালি প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই। কাউন্টার অ্যাটাকে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ডের আক্রমণভাগের ফুটবলার লরেন হেম্প। এরপর ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল।

বিরতির পর মাঠে নেমে আগের চেয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠে ইংল্যান্ডের নারীরা। তাদের টানা আক্রমণের কারণে কোণঠাসা হতে থাকে কলম্বিয়া। একের পর এক আক্রমণ ঠেকিয়ে ম্যাচের ৬৩তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। ইংলিশদের হয়ে দ্বিতীয় গোলটি করে দলকে লিড এনে দেন আর্সেনাল তাকা অ্যালেসিয়া রুশো। এই লিডের মধ্য দিয়েই ম্যাচ শেষ করে ইংল্যান্ড। এর মধ্যে ম্যাচের শেষ সময় পর্যন্ত অনেকগুলো আক্রমণ করে কলম্বিয়ার নারী ফুটবলাররা। কয়েকটি শট নিলেও তারা কোনো গোল করতে পারেননি। তাই শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

আমাদেরকাগজ/এইচএম