খেলাধুলা ১৩ আগস্ট, ২০২৩ ০৬:৫৩

বাবর সম্ভবত বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান : কোহলি 

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম সেরা পাকিস্তানি ব্যাটার বাবর আজম। ডানহাতি এই ব্যাটারকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলে মনে করে তার দেশ। আর এবার পাকিস্তানি অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি, যিনি বাবরকে ‘সম্ভবত বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান’ বলে অভিহিত করেছেন। এমনকি নিজেকেও তার চেয়ে এগিয়ে রাখেননি ভারতের সাবেক এই অধিনায়ক।

২২ গজের লড়াইয়ে খুব কমই দেখা হয় দুজনের। কেননা আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপের বাইরে গত দশ বছর ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তিন ফরম্যাটেই পাকিস্তান অধিনায়কের বিচরণ থেকে রীতিমতো মুগ্ধ ভারতীয় এই ব্যাটার। তাই তো তার মতে, বর্তমান সময়ে বাবরের চেয়ে এগিয়ে নেই আর কোনো ব্যাটার।

গত বছর স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানান, ‘তার (বাবর) সঙ্গে আমার প্রথম আলাপ হয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সময় ম্যানচেস্টারে খেলার পর। আমি ইমাদকে (ওয়াসিম) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় থেকেই চিনি। সে এসে বলে, বাবর আমার সঙ্গে কথা বলতে চায়। এরপর আমরা দুজনে (বাবর-বিরাট) বসি ও খেলা নিয়ে কথা বলছিলাম।’

কোহলি বলেন, ‘প্রথম দিন থেকেই ওর (বাবর) কাছ থেকে অনেক সম্মান ও শ্রদ্ধা পেয়েছি, আর সেটা বদলায়নি। সব ফরম্যাটেই সে সম্ভবত বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান, এবং ঠিক তাই। এত ধারাবাহিক পারফর্ম করে এবং আমি সবসময় ওকে খেলতে দেখে আনন্দ পাই।’

এদিকে কোহলির সঙ্গে বাবরের প্রায়শই তুলনা করা হয়। তবে বছরের পর বছর ধরে পারফর্ম করে শীর্ষে উঠে এসেছেন বাবর, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। চলতি বছরের শুরুতে হাশিম আমলা ও ভিভ রিচার্ডসকে পেছনে ফেলে ওয়ানডে ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বর্তমানে ৮৮৬ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। সেখানে ৭০৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় এবং টেস্ট ক্রিকেটে চতুর্থ স্থানে রয়েছেন বাবর। তিনি এই মুহূর্তে একমাত্র ব্যাটসম্যান যিনি তিনটি ফর্ম্যাটেই শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।

কোহলির অনেক পরেই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন বাবর। আট বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ১২ হাজার ৩৪৬ রান করেন পাকিস্তানের এই ব্যাটার। অন্যদিকে কোহলি ওয়ানডে ফরম্যাটেই করেছেন ১২ হাজার ৮৯৮ রান। টি-টোয়েন্টিতে পেরিয়েছেন ৪ হাজার রানের মাইলফলক। টেস্টে আছেন ৯ হাজের রানের দোরগোড়ায়।

গত পাঁচ বছরে ভারত-পাকিস্তানের মধ্যে যে ম্যাচ হয়েছে, তাতে কোহলি-বাবরের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, তা আরও বেড়েছে। ম্যানচেস্টারে বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারায় ভারত। তখন ৬৫ বলে ৭৭ রান তুলে ভারতকে জয় এনে দেওয়ায় কোহলিকে বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের তকমা দেওয়া হয়।

আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সুপার ফোর পর্বেও অন্তত একবার খেলার সম্ভাবনা রয়েছে তাদের। এরপর আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত-পাকিস্তান।

আমাদেরকাগজ / এইচকে