খেলাধুলা ১৭ আগস্ট, ২০২৩ ০৯:২১

এশিয়া কাপ

২৭ আগস্ট দেশ ছাড়বে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে এশিয়ার শিরোপার লড়াইয়েও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সাকিব-লিটনরা। আর কিছুদিন পরেই মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। ছয় জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে সব দলই প্রস্তুত হতে শুরু করেছে।

এশিয়ার ছয় দলের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনটি আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে; চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসরটি। যারা দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’। আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।

পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ আগস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেখানে প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে লাল-সবুজদের। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ। তবে এশিয়া কাপে খেলতে আগামী ২৭ আগস্ট দেশ ছাড়বে সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, আমাদের এখনও পর্যন্ত যে পরিকল্পনা তাতে এশিয়া কাপে প্রস্তুতি ম্যাচ খেলার কোনো সুযোগ নেই। সম্ভবত ২৭ আগস্ট আমাদের দল কলম্বোতে যাবে। এশিয়া কাপের পরপর আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে, তিনটি ওয়ানডে ম্যাচ আছে। এর পরপরই আমাদের বিশ্বকাপ আছে; যেখানে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। ফলে এই মুহূর্তে শিডিউলটা খুবই কমপ্যাক্ট। এর মধ্যে অতিরিক্ত কোনো ম্যাচ অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই।

এশিয়া কাপ-নিউজিল্যান্ড সিরিজ-বিশ্বকাপ সামনে রেখে কয়েক মাসে ব্যস্ততার মধ্যেই থাকতে হবে বাংলাদেশ দলকে। এ প্রসঙ্গে নিজামউদ্দিনের ভাষ্য, অবশ্যই টাইট শিডিউল। যেহেতু আমাদের একটি কমিটমেন্ট ছিল (নিউজিল্যান্ডের সঙ্গে) সেই অনুযায়ী আমাদের এফটিপি করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে গিয়ে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। এখানে বিশ্বকাপের আগে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। এ ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল না।

আমাদেরকাগজ / এইচকে