খেলাধুলা ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫০

প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার আইসিসি সেরা বাবর

বাবর আজম

বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। গেল মাসে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে ফের মাসসেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের এই অধিনায়ক। এই কীর্তি গড়তে স্বদেশি শাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে পেছনে ফেলেছেন তিনি।

আইসিসির আগস্ট মাসের সেরা পুরস্কার জয়ের সঙ্গে বড় এক রেকর্ড গড়ে ফেলেছেন বাবর। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার আইসিসির মাসসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন ডানহাতি এই ব্যাটার। এর আগে, ২০২১ সালের এপ্রিল এবং ২০২২ সালে মার্চে এই পুরস্কার জিতেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

গত মাসে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুইটি ফিফটি হাঁকান বাবর। এরপর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে খেলেন দেড়শ রানের অনবদ্য এক ইনিংস। এছাড়া ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম (১০২ ইনিংসে) ১৯তম সেঞ্চুরি ছুঁয়ে রেকর্ড গড়েছেন বাবর।

আগস্ট মাসে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিসহ ৬৬ গড় এবং ৯২.৩০ স্ট্রাইকরেটে ২৬৪ রান এসেছে বাবরের ব্যাট থেকে। সবমিলিয়ে সেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

আমাদের কাগজ / এইচকে