খেলাধুলা ৮ অক্টোবর, ২০১৯ ০৪:২৪

নিজস্ব বাবুর্চি সহ ৫৭ সদস্যের বিশাল বহর নিয়ে আসছে কাতার

ডেস্ক রিপোর্ট

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে কাতার। ৫৭ জনের বহরে ফুটবলার-কোচিং স্টাফের পাশাপাশি আসছে নিজস্ব বাবুর্চিও।

তাদের আতিথেয়তা দিতে প্রস্তুত বাফুফে। জানিয়েছে  সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ সুবিধা পাবে সফরকারীরা।ফিফা র‍্যাংকিংয়ে ৬২ নম্বর দল কাতার। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নরা ২০২২ বিশ্বকাপের আয়োজক তারা।

এককথায় বলা যায় বিশ্বফুটবলে কাতার এখন বেশ বড় নাম। তাদের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ১০ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। লাল-সবুজের আতিথ্যেয়তা নিতে মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশে আসছে মধ্যপ্রাচ্যের দেশটি।

৫৭ সদস্যের বিশাল বহর নিয়ে আসছে কাতার। ২৩ জন খেলোয়াড়ের সাথে কোচিং স্টাফতো আছে নিজস্ব বাবুর্চি, পুষ্টিবিদও থাকবেন বহরে।
মাঠের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাকলেও ম্যাচটিকে গুরুত্বের সাথেই যে নিয়েছে কাতার সেটাই যেনো বলে দেয়।
র‍্যাংকিংয়ে একশোর মধ্যে থাকা দলগুলোর সাথে কালে-ভদ্রে খেলা হয় বাংলাদেশের। কাতারের বিপক্ষে ম্যাচটি তাই যেমন অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ তেমনি দুই দেশের ফুটবল সম্পর্কে দিতে পারে নতুন কিছু। তবে এই বিশাল বহরে কাতার ফেডারেশন কর্তারা আসছেন কিনা সেটা নিয়ে এখনও কিছু জানেনা বাফুফে।

মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশে আসার পর ম্যাচের আগে কেবল একদিন অনুশীলনের সুযোগ পাচ্ছে কাতার।