খেলাধুলা ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৩৭

আমাকে প্রথম ম্যাচে খেলতে নিষেধ করা হয়: তামিম

নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে জায়গা পাননি জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বিসিবির নির্বাচকরা জানিয়েছেন, বিশ্বকাপের পুরো আসরে খেলার মতো ফিট নন তামিম। 

তবে বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন, ফিজিও’র রিপোর্টে তিনি খেলতে পারবেন না এমন কিছু ছিল না। তিনি বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না এমন কথাও বলেননি। এছাড়া ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন আমাকে ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে ম্যানেজ করে খেলাতে হবে। তুমি প্রথম ম্যাচ খেইলো না আফগানিস্তানের সাথে। তুমি যদি খেলো তাহলে আমরা তোমাকে নীচে ব্যাট করাবো’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভ্যারিফায়িড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমন কথা জানিয়েছেন তামিম ইকবাল।

তামিম বলেন, ‘আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। কখনো ৩/৪ এ ব্যাটিংই করি নাই। হঠাৎ করে এসব কথা আমার পক্ষে আসলে নেওয়া সম্ভব না।’

তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিন জন নির্বাচক ড্রেসিংরুমে আসে। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবো না।'

তামিম বলেন, 'আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করছে। আমি জানি না এই কথাটা মিডিয়াকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।'

তিনি আরও বলেন, ‘আমি অবসরে যাওয়ার পেছনেও একটা কারণ ছিল। প্রধানমন্ত্রী বলায় আমি ফিরে এসেছি। আমি নিজেকে ফিট করার জন্য বোর্ডের চাহিদা মতো সব কিছু করেছি। চোট থেকে ফিরে আমি প্রথম ম্যাচে ৩০-৩৫ ওভার ফিল্ডিং করেছি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছি, তখন চেষ্টা করেছি রান করার এবং আমি নিজে কেমন খেলি সেটা আমার নিজেরও দেখা দরকার ছিল।’


আমাদেরকাগজ/এইচএম