স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রান তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা, ইষান কিশান ও শ্রেয়াস আইয়ার শুন্য রানে আউট হয়েছেন। এর মধ্যে ইষান কিশান আবার ফিরেছেন গোল্ডেন ডাকে।
ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই ব্যাটের কানায় লাগিয়ে প্রথম স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন ইশান কিশান। গোল্ডেন ডাক মারেন তিনি। প্রথম বল মোকাবেলা করেই আউট হয়ে গেলেন কিশান। শুভমান গিলের অসুস্থতার কারণে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি।
দ্বিতীয় ওভারে জস হ্যাজলউডের বলে দুই উইকেট হারায় ভারত। আউট হন রোহিত শর্মা এবং স্রেয়াশ আয়ার। ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন রোহিত। যদিও তিনি রিভিউ নিয়েছিলেন। কিন্তু রিভিউতে উইকেট ফিরে পেলেন না ভারত অধিনায়ক।
ওভারের শেষ বলে স্ট্যাম্পের ঠিক বাইরে গুড লেন্থের বল দিলেন হ্যাজলউড। আয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় সোজা ডেভিড ওয়ার্নারের হাতে। ৩ বল মোকাবেলা করে কোনো রান না নিয়েই আউট হয়ে যান তিনি।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান। ১২ রান নিয়ে বিরাট কোহলি এবং ৫ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। ৪১ রান করেন ডেভিড ওয়ার্নার এবং ২৭ রান করেন মার্নাস লাবুশেন।
আমাদেরকাগজ / এইচকে






















