খেলাধুলা ১১ অক্টোবর, ২০২৩ ০৭:০৫

বিশ্বকাপ ২০২৩

ভারতকে ২৭৩ রানের টার্গেট দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের খরচায় ২৭২ রানের পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আফগানদের চেপে ধরে ভারতের বোলাররা। আফগান ব্যাটাররা দেখেশুনে ব্যাটিং করছিলেন বলে সফলতার দেখা মিলছিল না ভারতের।

তবে ইনিংসের সপ্তম ওভারে ব্রেক থ্রু আসে জশপ্রিত বুমরাহর হাত ধরে। ২৮ বলে ২২ করা ইবরাহিম জাদরানকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে প্রথম উইকেটের পতন ঘটান তিনি।

আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ফেরেন ২৮ বলে ২১ করে হার্দিক পান্ডিয়ার বলে। পরের ওভারেই শার্দুল ঠাকুর ফেরান রহমত শাহকে। এতে করে ৬৩ রানেই তিন টপ অর্ডারকে হারায় আফগানরা।

এরপর দলকে এগিয়ে নেওয়ার গুরুভার কাঁধে তুলে নেন অধিনায়ক হাশমত উল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান।

এই দুই ব্যাটারের ১২১ রানের জুটি ভেঙে আজমতউল্লাহ ওমরজাইয়ের বিদায়ে। ৬৯ বলে ৬২ রান করে হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। সঙ্গী বিদায় নিলেও মারকুটে ও দায়িত্বশীল ইনিংসে দলকে টেনে নিয়ে যেতে থাকেন শাহিদি। মোহাম্মদ নবির সঙ্গে ৪১ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮০ রানে বিদায় নেন তিনি।

এরপর শেষ দিকে আর তেমন কার্যকরী ইনিংস খেলা সম্ভব হয়নি আফগান ব্যাটারদের। যে কারণে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আমাদেরকাগজ  / এইচকে