খেলাধুলা ১৫ অক্টোবর, ২০২৩ ০৬:৪৫

ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে কিশ্বকাপের ১৩তম আসরের তৃত্বীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা যেভাবে করেছিল আফগানিস্তান, শেষটা সেভাবে হলো না। মূলত মিডল অর্ডারে যে ধস নেমেছিল, তাতে আড়াইশ’ রানও হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত ইকরাম আলিখিল এবং মুজিব-উর রহমানের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ইংল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে আফগানরা।

টস হেরে ব্যাট করতে নামতে হয় আফগানিস্তানকে। রহমানুল্লাহ গুরবাজের টর্নেডো ব্যাটিংয়ের ওপর ভর করে অসাধারণ সূচনা করেছিল আফগানরা। তবে ১১৪ থেকে ১২২ রানের মধ্যে ৩ উইকেটের পতনে থমকে যায় তাদের ইনিংস। ইকরাম আলিখিল ৫৮ রান করার ফলে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান।

দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি ইংলিশ বোলাররা। বিশেষ করে গুরবাজ রীতিমতো ঝড় তুলেন। ব্যক্তিগত ফিফটি পেতে তিনি খরচ করেছেন মাত্র ৩৩ বল। 


গুরবাজকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ইব্রাহিম। তবে তিনি বেশি দূর যেতে পারেননি। ১৭তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে উড়িয়ে মারতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি এই ওপেনার। বল চলে যায় শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা জো রুটের হাতে। ২৮ রান করে ইব্রাহিম ফেরায় ভাঙে ১১৬ রানের উদ্বোধনী জুটি।


তিনে নেমে সুবিধা করতে পারলেন না রহমত শাহ। এই টপ অর্ডার ব্যাটার স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। আদিল রশিদকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেছেন। উইকেটের পেছনে বাটলার স্টাম্প ভাঙতে খুব একটা সময় নেননি। রহমতের ব্যাট থেকে এসেছে ৩ রান।

রহমত ফেরার পরের বলে ফিরেছেন গুরবাজও। এই ওপেনার খানিকটা আক্ষেপ করতেই পারেন-শুরু থেকে ছন্দে ছিলেন, সেঞ্চুরির পথে হাটছিলেন। তবে ভাগ্য তার সঙ্গে ছিল না! কাটা পড়েছেন রান আউটে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৮০ রান।

এরপর আজমতউল্লাহ ওমরজাই-হাশমতউল্লাহ শাহিদিরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন ইকরাম আলিখীল। তিনি ব্যক্তিগত ফিফটির দেখা পেয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫৮ রান।

লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন রশিদ খান-মুজিব উর রহমানরা। রশিদের ব্যাট থেকে এসেছে ২৩ রান, মুজিব ফিরেছেন ২৮ রান করে। সবমিলিয়ে চ্যালেঞ্জিং লক্ষ্যই দাঁড় করাতে পেরেছে আফগানরা।


আমাদেরকাগজ / এইচকে